ক্যারিয়ারে এআই ব্যবহারের কৌশল শেখাল জেসিআই ঢাকা ফাউন্ডার্স
রাজধানীতে অনুষ্ঠিত ‘এআই বিয়ন্ড: ইয়ুথ সামিট ২০২৬’-এ অংশ নিয়েছেন ৩৩০ জনের বেশি শিক্ষার্থী ও পেশাজীবী
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ভালো চাকরি, ব্যবসা কিংবা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘এআই বিয়ন্ড: ইয়ুথ সামিট ২০২৬’। গত রোববার (২৫ অক্টোবর ২০২৬) জেসিআই ঢাকা ফাউন্ডার্সের আয়োজনে এই সামিটে ৩৩০ জনেরও বেশি শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও তরুণ পেশাজীবী অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
জেসিআই ঢাকা ফাউন্ডার্সের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট আফসানা দিয়ার নেতৃত্বে এই আয়োজনটি সম্পন্ন হয়। মূল লক্ষ্য ছিল এআইকে কেবল আলোচনার বিষয়বস্তু না রেখে তরুণদের জন্য কাজের হাতিয়ার হিসেবে উপস্থাপন করা। পুরো আয়োজনটি হাতে-কলমে শেখার সেশন ও বাস্তব অভিজ্ঞতানির্ভর আলোচনার মাধ্যমে সাজানো হয়েছিল।
সেশনগুলোতে অংশগ্রহণকারীরা এআই ব্যবহার করে সিভি ও লিংকডইন প্রোফাইল তৈরি, কম সময়ে কাজের দক্ষতা বাড়ানো এবং সৃজনশীল কাজে এআইয়ের ব্যবহারের নিয়মাবলি শেখেন। অনেক অংশগ্রহণকারী সেশন চলাকালীন সরাসরি নিজেদের মোবাইল ফোনে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার টুল ব্যবহার করে দেখেছেন।
সামিটের প্যানেল আলোচনায় অংশ নেন বিজকোপের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হাসান, ইফোলির প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম এবং ইংলিশ থেরাপির প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম। তারা নিয়োগকর্তা হিসেবে এআইয়ের যুগে তরুণদের কাছে প্রতিষ্ঠানের প্রত্যাশা এবং নিজেকে আলাদাভাবে তুলে ধরার উপায় নিয়ে আলোচনা করেন।
আফসানা দিয়ার ভাষ্যমতে, ‘আমাদের তরুণদের মেধার কোনো ঘাটতি নেই, ঘাটতি শুধু সঠিক দিকনির্দেশনার। প্রায় সবার হাতেই এখন স্মার্টফোন আর এআই টুল আছে, কিন্তু সেগুলো কীভাবে নিজের ক্যারিয়ারের কাজে লাগাতে হয়, অনেকেই তা জানেন না। আমরা চেয়েছি, এখান থেকে বের হয়ে প্রত্যেকে যেন অন্তত একটি কাজ এআই দিয়ে আরও ভালোভাবে করতে পারেন।’