এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশের মেয়েরা
ইরাকের সুলায়মানিয়ায় কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে ২৩০-২২০ পয়েন্টে জয় পেয়েছে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশ। আজ ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের তিন আর্চার বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস সেরা হয়েছেন। বাংলাদেশ আর্চারি ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগের এই ফাইনালে শুরু থেকেই দাপট দেখিয়েছেন বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডের প্রতিটিতেই কাজাখস্তানের তুলনায় বেশি পয়েন্ট সংগ্রহ করে তাঁরা এই জয় তুলে নেন। প্রথম এন্ডে বাংলাদেশ ৫৭ ও কাজাখস্তান ৫৫ পয়েন্ট পায়। দ্বিতীয় এন্ডে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫৭ পয়েন্ট, যেখানে কাজাখস্তান পায় ৫২ পয়েন্ট।
তৃতীয় এন্ডে বাংলাদেশ ৫৮ পয়েন্ট অর্জন করে, বিপরীতে কাজাখস্তান পায় ৫৬ পয়েন্ট। চতুর্থ ও শেষ এন্ডে বাংলাদেশ আরও ৫৮ পয়েন্ট যোগ করে, যেখানে কাজাখস্তান পায় ৫৭ পয়েন্ট। সব মিলিয়ে ২৩০ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন বন্যা, মনি ও শ্রীপর্না।