বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীর চারঘাটে পুলিশ একাডেমির অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্ত ও ময়নাতদন্তের পরই বিস্তারিত জানানো হবে।
নিজস্ব প্রতিবেদক · চারঘাট, রাজশাহী
প্রকাশ:
ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের ময়নাতদন্ত হচ্ছে। তারপর আমরা সব বিষয় জেনে কথা বলব।' ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বৃহস্পতিবার সকালে তাহসিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নৌপুলিশ জানায়, বুধবার বিকেলে তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে অবসরপ্রাপ্ত এই ফ্লাইট লেফটেন্যান্টের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
এর আগে সকালে বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।