রাজশাহীতে নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা
নিহত আবুল কালাম আজাদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে
রাজশাহী জেলা প্রতিনিধি · পবা, রাজশাহী
প্রকাশ:
রাজশাহীর পবা উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে আবুল কালাম আজাদ (৪৫) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
নিহত আবুল কালাম আজাদ কৃষিকাজের পাশাপাশি পবার নওহাটা বাজারে সবজির ব্যবসা করতেন। তাঁর তিন ছেলেমেয়ের মধ্যে দুই মেয়ে বিবাহিত এবং একমাত্র ছেলে ঢাকায় নার্সিং বিষয়ে পড়াশোনা করছেন।
নিহত ব্যক্তির স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, রাতে বাড়ির বাইরে থেকে তালা দিয়ে তাঁর স্বামী এশার নামাজ পড়তে বেরিয়ে আর ফেরেননি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় রাত ১২টার দিকে জানালা দিয়ে চাবি পাঠিয়ে তালা খোলার ব্যবস্থা করা হয়। বাড়ির আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে ছাদে স্বামীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তিনি। সাবিনা ইয়াসমিন আরও বলেন, ছাদে বিড়াল লাফালাফি করলে যেমন শব্দ হয়, তেমন শব্দ তিনি পেয়েছিলেন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সময় বাড়িতে স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না এবং এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।