ঢাকার ২১ স্কুলে জাপানের আদলে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ও বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা উদ্বোধন করেন ক্লিন স্কুল টিমের পাইলট প্রকল্প
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
আজ বুধবার বেলা ১১টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ক্লিন স্কুল টিম’ পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগের কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। জেলা প্রশাসন থেকে জানানো হয়, এ উদ্যোগের আওতায় ঢাকার ২১টি বিদ্যালয়ে জাপানের ‘ওসোজি’ মডেল অনুসরণ করে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা গৃহীত হবে।
বিজ্ঞাপন
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “পরিচ্ছন্নতা শুধু বিদ্যালয় পরিষ্কার রাখার বিষয় নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা ও পরিবেশের প্রতি যত্নশীল মনোভাব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।” তিনি জানান, প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিটের পরিচ্ছন্নতা কার্যক্রম, সাপ্তাহিক ডেঙ্গু ঝুঁকি পরিদর্শন, বর্জ্য পৃথকীকরণ এবং বাসায় পরিচ্ছন্নতার চর্চা করা হবে। শিক্ষার্থীদের ছোট দলে ভাগ করে শ্রেণিকক্ষ, করিডোর ও পাঠাগার পরিষ্কারের দায়িত্ব শিক্ষক তদারকি করবেন, আর টয়লেট ও নোংরা নালা ইত্যাদি ঝুঁকিপূর্ণ স্থান পরিষ্কারের কাজ সংশ্লিষ্ট কর্মীরা সম্পাদন করবে।
বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, “ওসোজি মডেল শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ।” তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ স্থান ও সমস্যার সমাধানের অগ্রগতি চেকলিস্টে লিপিবদ্ধ করা হবে এবং ‘আমার বাসা, আমার দায়িত্ব’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সাপ্তাহিক পরিচ্ছন্নতা চেকলিস্ট প্রদান করা হবে। প্রতি রোববার শিক্ষকগণ এই চেকলিস্ট মূল্যায়ন করবেন।
জেলা প্রশাসক জানিয়ে বলেন, বিদ্যালয়গুলোতে পচনশীল, পুনর্ব্যবহারযোগ্য ও অন্যান্য বর্জ্য আলাদা করে ফেলার ব্যবস্থা করা হবে এবং পচনশীল বর্জ্য থেকে জৈব সার তৈরির ধারণা শিক্ষার্থীদের দেওয়া হবে। কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে সেরা বিদ্যালয়, শ্রেণি ও শিক্ষার্থীদের সনদ, বই, শিক্ষা উপকরণ অথবা গাছের চারা দিয়ে পুরস্কৃত করা হবে; এই পুরস্কার ব্যবস্থা ‘ক্লিন স্কুল চ্যালেঞ্জ’ নামে পরিচিত। জাপানের ‘ওসোজি’ মডেল অনুসরণে এ কর্মসূচি বাস্তবায়নের আগে প্রায় তিন মাস গবেষণা করা হয়েছে এবং গত ৮ জুলাই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করা হয়।