সুষ্ঠু নির্বাচন বিতর্কিত করার অপচেষ্টা জামায়াতের: রিজভী
রাজধানীর ডেমরায় প্রয়াত দুই নেতার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মন্তব্য
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, 'সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই তাদের লক্ষ্য। তবে জনগণ সচেতন, অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না।' এদিকে, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে এবং নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট।
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের স্মৃতিচারণ করে রিজভী বলেন, 'ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন ও আদর্শবান সিপাহসালার। শত শত ভুয়া মামলা, রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছিল। চিকিৎসাবঞ্চিত করে তাঁকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।' তিনি আরও দাবি করেন, খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির বহু নেতা-কর্মীকে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এ সময় মীর সরাফত আলী, জাহিদুর রহমান ও তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং শেষে প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।