৫ নভেম্বরের মধ্যে সব প্রাথমিক বই সরবরাহের নির্দেশ
পুরনো মেশিন ব্যবহার করলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শিক্ষা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব পাঠ্যবই আগামী ৫ নভেম্বরের মধ্যে সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে জানিয়েছেন, আগামী বছর থেকে পুরনো মেশিন ব্যবহার করে বই ছাপার কাজ করলে সেই প্রতিষ্ঠানকে আর কোনো কাজ দেওয়া হবে না।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে অবস্থিত বর্ণমালা প্রেস এবং গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বইয়ের ছাপার মান, কাগজের গুণাগুণ এবং ব্যবহৃত যন্ত্রপাতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও অ্যালাইনমেন্টের অসংগতি খুঁজে পান এবং তা যেন বড় পরিসরে না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, 'পাঠ্যবই মুদ্রণের দায়িত্ব নেওয়ার অর্থ নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা। কাজের ক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা থাকলে তা দরপত্রে অংশগ্রহণের আগেই বিবেচনায় নেওয়া উচিত। মুদ্রণযন্ত্রের সক্ষমতা বা কারিগরি সীমাবদ্ধতার অজুহাতে বইয়ের মানের সঙ্গে আপস করা যাবে না। সরকার যে মানের বই সরবরাহের জন্য কাজ দিচ্ছে, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব।' তিনি আরও যোগ করেন, 'পাঠ্যবইয়ের মান নিশ্চিত করতে শুধু কাজ সম্পন্ন করলেই হবে না, প্রতিটি বই নির্ধারিত মানদণ্ড অনুযায়ী মুদ্রিত হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। তাই এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য নয়।'
মুদ্রণকাজের তদারকি ও মান নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে বই সরবরাহ শেষ করার নির্দেশ দেন। পরিদর্শনের সময় এনসিটিবি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি মুদ্রণপ্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।