রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
রাজধানীর রামপুরা ব্রিজে বাস থেকে নামার পর দুই বাসের চাপায় প্রাণ হারান মো. শহীদুল্লাহ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর রামপুরা ব্রিজে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে চাপা পড়ে মো. শহীদুল্লাহ (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শহীদুল্লাহ কুয়েত মৌসুমি ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজধানীর ডেমরার নড়াইবাগে বসবাস করতেন।
বিজ্ঞাপন
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির ছোট ভাই জুয়েল রানা জানান, গত শনিবার চীন ভ্রমণে যাওয়া শহীদুল্লাহ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন। দুপুরে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজে বাস থেকে নামলে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে শহীদুল্লাহর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।