ডিএসসিসির কর্মকর্তাদের জ্বালানি বরাদ্দ কমল
এখন থেকে কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি ব্যবহারের সীমা কার্যকর হবে।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়িতে জ্বালানি ব্যবহারের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে কর্মকর্তাদের গাড়িতে সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি ব্যবহার করা যাবে। বৃহস্পতিবার ডিএসসিসির মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খানের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সিটি করপোরেশনে জ্বালানি ব্যবহারসংক্রান্ত কোনো নিজস্ব নীতিমালা না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী জ্বালানির অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে ডিএসসিসির কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়ার তথ্য পাওয়া গিয়েছিল, যেখানে সরকারি নির্দেশনায় সাধারণ প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ২৫০ লিটার জ্বালানি ব্যবহারের সীমা রয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ডিএসসিসির অন্তত ৭৬ জন কর্মকর্তার গাড়িতে মাসিক জ্বালানি বরাদ্দ ২৫০ লিটারে সীমিত করা সম্ভব হলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় হতে পারে। এর আগে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম জানিয়েছিলেন, সংস্থার নিজস্ব নীতিমালা না থাকলেও সরকারের বিদ্যমান নির্দেশনা মেনে চলতে হবে এবং অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।