ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পোশাকশ্রমিকদের অবরোধ
পাঁচ দফা দাবিতে শিবু মার্কেট এলাকায় বিক্ষোভ করছেন মেট্রো গার্মেন্টস ও লিবার্টিসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি · নারায়ণগঞ্জ
প্রকাশ:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রো গার্মেন্টস, লিবার্টিসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁদের এই কর্মসূচির কারণে লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা যায় তাঁদের। যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে যানবাহন আটকে আছে। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে, আবার কেউ কেউ বিকল্প পথের সন্ধানে রয়েছেন।
শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন। এ ছাড়া শ্রমিক আমজাদ হোসেন কামালসহ সব শ্রমিক হত্যার বিচারে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে সর্বস্তরে শ্রম আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি তোলেন তাঁরা।
বিক্ষোভে অংশ নেওয়া লিবার্টি গার্মেন্টসের শ্রমিক সোহেল মিয়া বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। শ্রমিকদের সব দাবি মেনে নিতে হবে। আরেক শ্রমিক আনোয়ারা বেগম জানান, বেলা সাড়ে ১১টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা কারখানা থেকে রাস্তায় নেমে আসেন এবং দুপুরে তাঁরা সড়ক অবরোধ করেন।
আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪–এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক জানান, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন। সেখানে পুলিশ রয়েছে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বেলা পৌনে দুইটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ চলছিল।