বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একাডেমিতে পাঠানোর পরামর্শ ইউসুফের
টেকনিক্যাল সমস্যা না কাটানো পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে না খেলার পরামর্শ সাবেক অধিনায়কের
খেলা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমের বর্তমান ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচে ২৩.৬০ গড় ও ৭৪.২১ স্ট্রাইক রেটে বাবর করেছেন মাত্র ১১৮ রান। এই সিরিজে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে করা ৪৫ রান এবং কোনো ফিফটি করতে পারেননি তিনি। এছাড়া ফাইনালে রানের খাতা খোলার আগেই আউট হয়ে ফিরেছেন বাবর আজম।
বিজ্ঞাপন
দলের শিরোপা জয়ের মাঝেও বাবরের ব্যাটিং ছন্দহীনতা নিয়ে দুশ্চিন্তা কাটেনি। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউসুফ পরামর্শ দিয়েছেন, বাবরকে আপাতত ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে বিশেষায়িত কোচিংয়ের জন্য পাঠানো উচিত। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউসুফ লিখেছেন, ‘আমার মনে হয় না, বাবর আজমের টেকনিক্যাল সমস্যাগুলো বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে ঠিক না করা পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত। ঘরোয়া ক্রিকেটে সংগ্রাম করলে তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।’
ইউসুফ আরও যোগ করেন, ‘তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠান। সে এখনো পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক দিকনির্দেশনা ও সামান্য চেষ্টা পেলে সে আবার নিজের সেরা অবস্থায় ফিরতে পারবে।’ তিনি জানান, চার বছর আগেও তিনি একই পরামর্শ দিয়েছিলেন যা তখন আমলে নেওয়া হয়নি। প্রায় ১৭ হাজার আন্তর্জাতিক রানের মালিক ইউসুফ বাবরের সামর্থ্য নিয়ে আশাবাদী এবং সঠিক পরিচর্যায় তিনি আবারও ছন্দে ফিরবেন বলে বিশ্বাস করেন।
এদিকে ৩২ বছর বয়সী বাবর আজম কায়েদ-ই-আজম ট্রফির জন্য লাহোর হোয়াইটস দলে জায়গা পেয়েছেন। আগামী ৩ নভেম্বর ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন এফএটিএ দলের বিপক্ষে বাবর আজমের খেলার কথা রয়েছে। এরপর ৯ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান, যার আগে বাবরের ব্যাটিংয়ে ছন্দ ফেরানো জরুরি হয়ে পড়েছে।