ক্যারিয়ার সচেতনতা নিয়ে জানলেন শিক্ষার্থীরা
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার ও ইতিবাচক মনোভাব তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রোববার রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি–তারুণ্যের পৃথিবী’ শীর্ষক অনুষ্ঠানের ২৪তম পর্ব আয়োজিত হয়। এতে কলেজটির কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। আলোচকেরা শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি ইতিবাচক মনোভাব লালন, নিয়মিত পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। সফল হতে হলে পরিশ্রম, অধ্যাবসায় এবং নির্দিষ্ট লক্ষ্য স্থির রাখার আহ্বান জানান তারা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, “ভালো মানুষ হতে হলে প্রচুর বই পড়তে হবে। নিজেকে জানার জন্য বই পড়ার বিকল্প নেই।” পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার এবং মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। তিনি শিক্ষার্থীদের নিয়ে মাদকের বিরুদ্ধে ‘না’ স্লোগান দেন।
কলেজের চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী পৃথিবী। আগামীর পৃথিবীকে বাসযোগ্য করে গড় তুলতে তোমাদের অবদান ভূমিকা হবে অনেক বেশি। তবে এই কঠিন কাজটি করতে পারবে তোমরাই। এই বিশ্বাসও তোমাদের অন্তরে লালন করতে হবে।”
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক কমল কান্ত দাস শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আপ্রাণ চেষ্টার আহ্বান জানান। ব্রেইন ফরওয়ার্ড বাংলাদেশের ফরহাদ হক শিক্ষার্থীদের স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “আমি পারব না, আমাকে দিয়ে হবে না, এমন চিন্তা ও কাজ কখনো করা যাবে না। নিজেকে উদ্যমী রাখতে হবে। মনে সাহস রেখে পরিশ্রম করতে হবে; আর প্রতিদিন নিজেকে একটু হলেও সময় দিতে হবে।” টেন মিনিটস স্কুলের প্রোগ্রাম ডিরেক্টর ফারহান সাকিব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধির পরামর্শ দেন।
এর আগে সকালে ডেমরার সামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজে তিন দিনের প্রথমা বইমেলার উদ্বোধন করেন আনিসুল হক। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গল্প ও কবিতার বই পড়ার পরামর্শ দেন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে বই উপহার দেন। বইমেলাটি আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।