যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদক ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার
প্রযুক্তির মাধ্যমে দূরনিয়ন্ত্রিত ল্যাব পরিচালনা করতেন তিনি
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর ওয়ারীর একটি বাসায় অত্যাধুনিক ল্যাব তৈরি করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিযোগে তৌসিফ হাসান (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল রোববার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ওয়ারী থানার র্যাংকিন স্ট্রিটের ওই বাসায় অভিযান চালিয়ে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। যুক্তরাষ্ট্রের নাগরিক তৌসিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন।
বিজ্ঞাপন
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালেও তৌসিফ দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে ওয়ারীর বাসায় স্থাপিত ল্যাবের কার্যক্রম ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেন। গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনা তদন্ত করতে গিয়ে ডিএনসি এই বাসার সন্ধান পায়। অভিযানে ল্যাব থেকে ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ ও বিভিন্ন উপকরণসহ সিসার সরঞ্জাম ও বিদেশি মদ জব্দ করা হয়। বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষেও কুশ চাষের প্রমাণ মিলেছে।
ডিএনসি জানায়, তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুশ চাষের কৌশল শিখে দেশে ফিরে এই ল্যাব গড়ে তোলেন। এ কাজে তাঁর এক বান্ধবী সহযোগিতা করতেন। গত জানুয়ারিতে ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে ৩২টি ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হলে ডিএনসির অভিযানে তা উদ্ধার হয়। ওই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলায় তৌসিফ পলাতক ছিলেন এবং তাঁর বান্ধবী ও বাসার তত্ত্বাবধায়ক গ্রেপ্তার হয়েছিলেন।
দীর্ঘদিন চেষ্টার পর গ্রেপ্তার হওয়া তৌসিফের ডোপ টেস্টে মেথামফিটামিন ও ক্যানাবিনয়েড পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএনসি। অভিযানে তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের কথা স্বীকার করেছেন। নতুন করে মাদক রাখার অভিযোগে ওয়ারী থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা হয়েছে এবং কুশের ল্যাবসংক্রান্ত আগের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।