ক্যানসার ধরা পড়ার পর ১৫ মিনিটেই বিয়ে করলেন হিনা
দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর ২০২৫ সালের ৪ জুন রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী হিনা খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়াল দীর্ঘ ১৩ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর ২০২৫ সালের ৪ জুন বিয়ে করেন। সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজেদের বিয়ের নেপথ্যের গল্প তুলে ধরেন হিনা। তিনি জানান, বিয়ের কোনো পূর্বপরিকল্পনা ছিল না এবং নিজের শারীরিক অবস্থার অনিশ্চয়তা থেকেই তাঁরা এই আকস্মিক সিদ্ধান্তে পৌঁছান।
বিজ্ঞাপন
হিনা বলেন, ‘এটা ছিল একেবারেই আকস্মিক সিদ্ধান্ত। আমরা বিয়ের পরিকল্পনা করিনি। আমার মনে হয় না, তখন আমরা বিয়ের জন্য প্রস্তুত ছিলাম। আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি, ১০ বছরের বেশি। এখন তো ১৩-১৪ বছর হয়ে গেছে। আমার স্বাস্থ্যের যে পরিস্থিতি ছিল, তখন আমি ওকে বলেছিলাম, হয় তুমি সামনে এগিয়ে যাও, নিজের পছন্দমতো কাউকে বিয়ে করো, নয়তো আমাকেই বিয়ে করো। কারণ, আগামীকাল কী হবে, আমি জানি না।’
বিয়ের সময় সম্পর্কে হিনা জানান, ১৫ মিনিটেরও কম সময়ে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। অভিনেত্রীর ভাষ্য, ‘আসলে অনিশ্চয়তাই ছিল এর প্রধান কারণ। আমি জানতাম না সামনে কী ঘটতে যাচ্ছে। সত্যি বলতে, এমন অনিশ্চয়তা সবার জীবনেই আছে। তাই আমি বলেছিলাম, চলো, বিয়েটা করে ফেলি। ও বলেছিল, ঠিক আছে। বিয়ে নিয়ে ওর কখনো কোনো আপত্তি ছিল না।’
২০২৪ সালে হিনার তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসারত অবস্থায় মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে তাঁরা বিয়ে করেন। এর আগে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে তাঁদের পরিচয় হয়, যেখানে হিনা অভিনয় করতেন এবং রকি ছিলেন প্রযোজনা দলের সদস্য। ২০১৭ সালে তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।
বিয়ের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে হিনা লিখেছিলেন, ‘আমরা দুজন এসেছি দুটি ভিন্ন জগৎ থেকে, কিন্তু গড়ে তুলেছি ভালোবাসার এক নিজস্ব পৃথিবী। আমাদের পার্থক্যগুলো মুছে গেছে, হৃদয় মিশে গেছে একে অপরের সঙ্গে। তৈরি হয়েছে এমন এক বন্ধন, যা টিকে থাকবে বহু জন্ম। আজ ভালোবাসা ও আইনের বন্ধনে চিরদিনের জন্য এক হলাম। স্বামী-স্ত্রী হিসেবে সবার আশীর্বাদ ও শুভকামনা চাই।’