ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে যুদ্ধবিরতি শেষ
যুদ্ধবিরতি ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কার্যকর ছিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রুশ‑নিয়ন্ত্রিত ওলেশকি শহরে গতকাল রোববার রাতে কার্যকর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন। এটি যুদ্ধের শুরু থেকে সর্বোচ্চ সময়ের স্থানীয় যুদ্ধবিরতি ছিল।
বিজ্ঞাপন
মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেৎসের মতে, যুদ্ধবিরতি ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কার্যকর ছিল। তিনি এ সময়ে উভয় পক্ষের সমঝোতা অনুযায়ী বেসামরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করার কথা উল্লেখ করেন।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করে এবং ওলেশকি শহর দখল করে। শহরটি নিপার নদীর বাম তীরে, খেরসন শহরের বিপরীত পাশে অবস্থিত; যদিও ২০২২ সালের নভেম্বর মাসে ইউক্রেনীয় বাহিনী খেরসন ও নদীর পশ্চিম তীর পুনরুদ্ধার করে, ওলেশকি রুশ নিয়ন্ত্রণে রয়ে যায়।
যুদ্ধের ফলে শহরে বেসামরিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে; খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট দেখা দেয়। প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছানো এবং যারা চলে যেতে চায় তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগে যুদ্ধবিরতি গৃহীত হয়।
গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানান, ওলেশকিতে মানবিক কার্যক্রম চালানোর জন্য ইউক্রেন ও রাশিয়া মধ্যে যুদ্ধবিরতিতে সমঝোতা হয়েছে। সমঝোতা সমন্বয় করেন ইউক্রেনের দিমিত্রো লুবিনেৎস এবং রাশিয়ার মানবাধিকার কমিশনার ইয়ানা লান্ত্রাতোভা, যেখানে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা, মাইন অপসারণ এবং বেসামরিক চলাচলের সুযোগের কথা অন্তর্ভুক্ত।
বিজ্ঞাপন
যুদ্ধবিরতির সময় উভয় পক্ষই নির্ধারিত এলাকায় সমঝোতা মেনে চলার দাবি করেছে, সহায়তা পৌঁছানোর পথ থেকে মাইন সরানোর কাজও শুরু হয়। তবে মেয়াদ শেষ হওয়ায় ওলেশকিতে মানবিক কার্যক্রম ও বেসামরিকদের স্থানান্তর কিভাবে চালু হবে তা এখনো স্পষ্ট নয়।