অক্টোবরে ৬৮ শতাংশ কম বৃষ্টি, নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা
নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দু–তিনটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
সদ্য বিদায়ী অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মাসে সারা দেশে গড়ে ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৭৯ মিলিমিটার। গতকাল রোববার ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির সভায় নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
অক্টোবর মাসে দেশের আটটি বিভাগের কোথাও স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি দেখা গেছে চট্টগ্রাম বিভাগে, যেখানে স্বাভাবিক ২১৬ মিলিমিটারের বিপরীতে হয়েছে মাত্র ৪২ মিলিমিটার বা ৮০ দশমিক ৬ শতাংশ কম। এছাড়া ঢাকায় ৭৯ দশমিক ৯ শতাংশ, ময়মনসিংহে ৬৯ দশমিক ৮ শতাংশ, রংপুরে ৬৭ শতাংশ, খুলনায় ৬৫ দশমিক ৯ শতাংশ এবং সিলেটে ৫৮ দশমিক ৩ শতাংশ বৃষ্টির ঘাটতি ছিল। রাজশাহী ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ৩০ দশমিক ৮ ও ৪১ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দু–তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে দু–একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নভেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমলেও তা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসে নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং প্রধান নদ-নদীগুলোর পানি স্বাভাবিক প্রবাহে থাকবে। অক্টোবর মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এছাড়া মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সৃষ্টি হয়েছিল।