ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংগ্রামী মায়ের পাশে বন্ধুসভা
প্রতিবন্ধী ছেলের দেখাশোনা ও সংসারের দায়িত্ব সামলানো মালেখার পরিবারের জন্য সহায়তার হাত বাড়াল সংগঠনটি
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
প্রকাশ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর জিথর গ্রামের বাসিন্দা মোছা. মালেখা জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। স্বামী গিয়াস উদ্দিনের মৃত্যুর পর সংসারের সব দায়িত্ব একা কাঁধে তুলে নেন তিনি। অভাব-অনটনের মধ্যেও তিনি অসীম ধৈর্য ও মমতায় পাঁচ মেয়েকে লালনপালন করে বিয়ে দিয়েছেন।
বিজ্ঞাপন
বর্তমানে মোছা. মালেখা নিজের প্রতিবন্ধী ছেলের দেখাশোনা, ভরণপোষণসহ সংসারের যাবতীয় খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। এই সংগ্রামী মায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ বন্ধুসভা। সংগঠনটি তাঁর পরিবারের জন্য এক দিনের খাবারের ব্যবস্থা করেছে এবং ময়মনসিংহ বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন নগদ অর্থসহায়তা দিয়েছেন।
এ বিষয়ে বোরহান উদ্দিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানবিকতা কোনো বড় আয়োজন কিংবা বিপুল অর্থের ওপর নির্ভরশীল নয়; বরং মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মানসিকতাই পারে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে।’