মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফেসবুক পোস্টে উসকানির অভিযোগে আটক ১
গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত আরও ২০ জনকে আটক করেছে পুলিশ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে রাজীব চন্দ্র দাস নামের একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। আজ সোমবার ভোরে মিরপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বিজ্ঞাপন
এর আগে গতকাল রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগে আরও ২০ জনকে আটক করা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, রাজীবকে আজ ভোরে আটক করা হয়েছে এবং তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।
গতকাল রোববার ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সকাল থেকে বেলা একটা পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, গতকাল রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আরও অনেককেই আটক করা হয়েছে। বর্তমানে অভিযান চলছে এবং অভিযান শেষে প্রকৃত সংখ্যা জানানো সম্ভব হবে।