মেসির গোলে জয়ী ইন্টার মায়ামি
মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
এক গোল পিছিয়ে থাকা ইন্টার মায়ামিকে জয় এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দলের প্রয়োজনে আর্জেন্টাইন মহাতারকা নিজে গোল করেছেন এবং সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন।
বিজ্ঞাপন
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। ৬৯ মিনিটে মাতিয়াস গালারজার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর তেলাসকো সেগোভিয়ার বাড়ানো বল পেনাল্টি বক্সে পান মেসি। গোলমুখ থেকে কিছুটা দূরে পিঠ ফিরে থাকা অবস্থায় হেডে বলটি বাড়িয়ে দেন তিনি। পেছন থেকে ছুটে এসে বেরতেরামে সেই বলেই মাথা ছুঁইয়ে জালে পাঠান। স্কোরলাইন দাঁড়ায় ১–১।
সমতায় ফেরার পর জয়সূচক গোলের জন্য মায়ামিকে অপেক্ষা করতে হয় ৮৩ মিনিট পর্যন্ত। রদ্রিগো দি পলের বাড়ানো বল পেয়ে বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢুকে পড়েন মেসি। ছোট ছোট টাচে রক্ষণভাগের খেলোয়াড়দের বোকা বানিয়ে জায়গা তৈরি করে বাঁ পায়ের নিচু শটে গোলকিপার ম্যাট টার্নারকে পরাস্ত করেন তিনি। মেসির এই দুর্দান্ত গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় মায়ামির।
এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫৯। সমান ম্যাচে নিউ ইংল্যান্ডের পয়েন্ট ৫৮ এবং ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল। নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে মায়ামি শার্লট এফসির মুখোমুখি হবে।