আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন এই অভিযোগ দাখিল করেছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।
বিজ্ঞাপন
মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম। আসামিদের মধ্যে মির্জা আজম এখনো গ্রেপ্তার হননি, তবে অন্য ছয়জন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
অভিযোগ দাখিলের পর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪–দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল।
গাজী মোনাওয়ার হুসাইন তামীম আরও জানান, এই মামলার আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি ও নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ, সহায়তা, পরামর্শ ও কন্ট্রিবিউট করেছেন। প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এই ঘটনার ফলে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে এক হাজার ৪০০ আন্দোলনকারী নিহত হয়েছেন এবং ২৫ হাজার আন্দোলনকারী আহত হয়েছেন।