৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল
একই বছরে তার স্ত্রী ও বড় ছেলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন
গাজীপুর জেলা প্রতিনিধি · শ্রীপুর, গাজীপুর
প্রকাশ:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ১৯৯৯ সালে এসএসসি পাস করার দীর্ঘ ২৭ বছর পর তিনি এই সাফল্য অর্জন করলেন। গাজীপুর মহানগরের পুবাইল কারিগরি কলেজের ড্রেস মেকিং ট্রেড থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ-৪ দশমিক ৪৬ পেয়েছেন।
বিজ্ঞাপন
আমিনুল ইসলাম মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিক্যাল মোড় এলাকার তোরাব আলীর ছেলে। টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করা এই জনপ্রতিনিধির সংসারে স্ত্রী ও তিন ছেলে রয়েছে। চলতি বছর তার স্ত্রী মোসা. হুসনে আরা ও বড় ছেলে মো. স্বাধীন একসঙ্গে এসএসসি পাস করেছেন। পরিবারের তিন সদস্যের এমন সাফল্যে স্থানীয় বাসিন্দারা একে শিক্ষার পথে বয়সের বাধা না থাকার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
নিজের সাফল্যের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘দুপুরে স্ত্রী ফোন করে পাসের খবরটি জানান। খবরটি শুনে খুব আনন্দিত হয়েছি। ২৭ বছর পর আবার পড়াশোনা শুরু করে পরীক্ষায় পাস করা আমার কাছে অনেক বড় পাওয়া। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এইচএসসি পাস করার। সেই ইচ্ছা পূরণ হয়েছে। এখন আরও পড়াশোনা করতে চাই। আমি আইন বিষয়ে পড়াশোনা করব।’
মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম মৃধা জানান, আমিনুলের সাফল্যে তারা সবাই আনন্দিত। শামীম মৃধা বলেন, ‘খবরটি শুনে আমরা সবাই খুব খুশি হয়েছি। বয়স যে পড়াশোনার বাধা নয়, তিনি তা প্রমাণ করেছেন। চেষ্টা ও অধ্যবসায় থাকলে অনেক দূর যাওয়া যায়।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে নানা ব্যস্ততার মাঝেও তার এই অর্জন প্রশংসনীয়। ইউএনও মো. নাহিদ ভূঞা বলেন, ৪৭ বছর বয়সে ধৈর্য ধরে পড়াশোনা করে এইচএসসি পাস করা অত্যন্ত আনন্দের খবর। তাঁর এই অর্জন পড়াশোনা থেকে দূরে থাকা বয়স্ক অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হবে।