গাজীপুরে বহিরাগতদের সম্পর্কে জানাতে বাড়ির মালিকদের জন্য গণবিজ্ঞপ্তি নির্দেশনা
শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে বহিরাগতদের তৎপরতা ঠেকাতে উপজেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি
গাজীপুর জেলা প্রতিনিধি · কালিয়াকৈর, গাজীপুর
প্রকাশ:
শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত তৎপরতা রোধে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। সোমবার কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই নির্দেশনা জারি করা হয়। কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন এতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞাপন
প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বাড়ির ভাড়াটিয়া যদি পরিবারের সদস্য ছাড়া অন্য কোনো বহিরাগত ব্যক্তি বা অপরাধ চক্রের সদস্যকে আশ্রয় দিয়ে থাকেন, তবে মালিকদের তা কালিয়াকৈর থানা কিংবা উপজেলা প্রশাসনকে দ্রুত জানাতে হবে। বাড়িওয়ালাদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং জানানো হয়েছে যে, প্রশাসনকে তথ্য না দিলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় বাড়ির মালিকদের ওপর বর্তাবে।
ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিকদের আন্দোলনের মধ্যে বহিরাগত ব্যক্তিরা যেন প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে চলেছে। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিক অসন্তোষের প্রভাব বেশি দেখা গেছে এবং এই সময়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।