জোভান ও বাসার একে অন্যের চোখে দৃষ্টিভঙ্গি
অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাসারের একসঙ্গে অভিনয় নিয়ে ফেসবুকে ছড়িয়েছে আলোচনা
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
ফেসবুকের বিভিন্ন নাটক-সংশ্লিষ্ট গ্রুপে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাসারকে নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। ভক্তদের অনেকের ধারণা, তারা দুজন একসঙ্গে কোনো নাটকে কাজ করতে যাচ্ছেন। এই আলোচনার সূত্রপাত হয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের ফেসবুক পোস্ট থেকে। সোমবারের একটি আড্ডার ছবি মঙ্গলবার সকালে পোস্ট করে জোভান ক্যাপশনে লেখেন, ‘ফিরে আসার গল্প’। এতেই ভক্তরা ধরে নিয়েছেন মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে জোভানকে দেখা যাবে এবং সময়ের আলোচিত এই দুই অভিনয়শিল্পীকে প্রথমবারের মতো একসঙ্গে পাওয়া যাবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে ফারহান আহমেদ জোভান বলেন, ‘সে রকম মনে হচ্ছে না। এটা আসলে স্বাভাবিক একটা ছবি। হুট করেই পোস্ট করা। কোনো ভাবনা ছাড়াই। আর আপাতত আমরা নাটকে অভিনয় করছি না।’ বিষয়টি নিয়ে পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, ‘তারা দুজনই অনেক ভালো অভিনয়শিল্পী। তারা আমার অনেক নাটকে অভিনয় করেছে। তবে তাদের একসঙ্গে “ফিরে আসার গল্প” নাটকে দেখা যাবে না। আমার পরিচালনায় পৃথক দুটি গল্পে সামনে দেখা যাবে।’
ক্যারিয়ারের শুরুতে জোভান ও খায়রুল বাসার একসঙ্গে কোনো নাটকে অভিনয় করেননি। তবে বিভিন্ন অনুষ্ঠানে বা একই ভবনে শুটিং থাকলে তাদের দেখা হয়। জোভান জানান, ‘আসলে কাজে তো আমাদের একসঙ্গে খুব একটা দেখা হয় না। তবে বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই দেখা হয়। সেখানেই কথা হয়। আর মজার ব্যাপার হচ্ছে, একসঙ্গে আমাদের যদি কোনো শুটিং একই ভবনে থাকে, তাহলে দেখা হয়। আর রাজ ভাইয়ের মাধ্যমে আমাদের দেখা হয়।’ খায়রুল বাসার বলেন, ‘জোভান ভাইয়ের কাজ দেখেই মূলত পরিচয়। আড্ডার ফাঁকে আমাদের নাটক নিয়ে কথা হয়েছে। আর যখনই দেখা হয়েছে, জোভান ভাই সব সময় স্নেহমাখা একটা ভালোবাসা দেখান। এটা দারুণ লাগে।’
অভিনেতা খায়রুল বাসারের কাজ সম্পর্কে জোভান বলেন, ‘ওর একটা কাজ দেখেছিলাম ফান্দা নামে, অসাধারণ অভিনয় করেছিল বাসার। তার সম্পর্কে যদি বলি, সে অনেক ভালো একজন অভিনয়শিল্পী, ভেরি প্রমিজিং। ভালো অভিনয় করছে।’ অন্যদিকে জোভান সম্পর্কে খায়রুল বাসার বলেন, ‘আমার কাছে তিনি ভীষণ আন্তরিক মানুষ। খুব কম দেখা হলেও এটুকু বুঝি বড় ভাই হিসেবে আমাকে যথেষ্ট স্নেহ করেন। খুব ভালো লাগার ব্যাপার হলো, তিনি আমার কাজ দেখেন এবং দেখা হলেই বলেন, এই এই কাজ দেখেছি, এই এই বিষয়গুলো ভালো লেগেছে। তাঁর কথা এবং পরামর্শে আমার এই উপলব্ধি হয়—তিনি আমার ভালো চান, আমি ভালো কিছু করলে তিনি সেটা বলেন ও আনন্দিত হন।’
জোভান অভিনীত অনেক নাটক দেখেছেন বাসার। বিশেষ করে ১০ বছর আগের নাটক ‘শত ডানার প্রজাপতির গানে’ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। এছাড়া ‘কবর’, ‘সুহাসিনী’, ‘তোমাদের গল্প’, ‘আপনজন’সহ জোভানের অনেক নাটক দেখেছেন বাসার। খায়রুল বাসার বলেন, ‘জোভান ভাইয়ের মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগে, সিনিয়র শিল্পী হিসেবে তিনি আমার কাজের ভালো একটা ফিডব্যাক দেন। খুব কম সহকর্মীই জুনিয়রদের কাজ দেখে এমন কথাগুলো বলেন। এগুলো আমার জন্য একটা অভিজ্ঞতা হয়ে থাকে। অল্প পরিচয়েই তাঁর এ ভালোবাসাটা মুগ্ধ করে, ভীষণ ভালো লাগে। তাঁর অভিনয়ে যেমন জাদু আছে, তেমনি তাঁর আন্তরিকতাও চমৎকার।’ সব শেষে জোভান বলেন, ‘বাসারের অভিনয় অনেক ভালো। সে আরও ভালো করুক সেটাই প্রত্যাশা। তার অভিনয়ের জাদু দিয়ে মুগ্ধ করুক সবাইকে।’