তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন পরিদর্শনের সুযোগ
রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রণয়ন করা হয়েছে নতুন ভ্রমণ নীতিমালা ২০২৬
শিক্ষা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এখন থেকে বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে রাষ্ট্রপতির কার্যালয় ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে। গত বুধবার (৪ নভেম্বর) এই নীতিমালা অনুসরণের নির্দেশ দিয়ে সারা দেশের মাদ্রাসাগুলোতে চিঠি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বিজ্ঞাপন
মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় এই নীতিমালা সম্পর্কে অধ্যক্ষ ও সুপারদের অবহিত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা বঙ্গভবনে মোট ১ ঘণ্টা ৩০ মিনিট সময় ব্যয় করতে পারবে। সকাল ১০টায় প্রবেশের পর তারা বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রমবিষয়ক ভিডিও প্রদর্শন, তোশাখানা জাদুঘর, মূল ভবনের সামনে ফটোসেশন, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক পরিদর্শন করার সুযোগ পাবে।
ভ্রমণের ক্ষেত্রে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবে। এই দলের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি থাকা বাধ্যতামূলক এবং শিক্ষার্থীদের অবশ্যই তাদের নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে।
পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এই সুযোগ পাবে। তবে এর জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।