মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ
১৬তম ও ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত
চাকরি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরগুলোর রাজস্ব খাতের শূন্য পদগুলোয় সরাসরি নিয়োগের জন্য দুটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১৬তম ও ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্ত অনুযায়ী যোগ্য ও প্রকৃত বাংলাদেশি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
পদগুলোর মধ্যে জুনিয়র অডিটর (গ্রেড-১৬) পদে ৭০টি, কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদে ৬২টি, ড্রাইভার (গ্রেড-১৬) পদে ৬টি এবং অফিস সহায়কের (গ্রেড-২০) ২০৯টি পদ রয়েছে। বেতন স্কেলের ক্ষেত্রে জুনিয়র অডিটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদের জন্য ২১,৯০০–৫২,৯০০ টাকা এবং অফিস সহায়কের জন্য ২০,০০০–৪৮,৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জুনিয়র অডিটর পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের সর্বনিম্ন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতিসহ Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
ড্রাইভার পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি হালকা বা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনার বৈধ লাইসেন্সসহ গাড়ি চালনায় অন্যূন তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়কের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট (cag.teletalk.com.bd) ব্যবহার করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া টেলিটকের জব পোর্টাল (alljobs.teletalk.com.bd) কিংবা কিউআর (QR Code) স্ক্যান করেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রার্থীরা মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.cag.org.bd) অথবা টেলিটক পোর্টাল ভিজিট করতে পারেন।