তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের
তৃতীয় দফার রিমান্ডের জন্য আদালতে সাত দিনের আবেদন করেছে তদন্তকারী সংস্থা
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৩ নভেম্বর থেকে তিন দিনের রিমান্ডে দীপকে নানা কৌশলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তাঁকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। রিমান্ড শুনানির সময় বিচারক সাংবাদিকদের আদালত কক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এই ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় মামলা করেন।
মামলায় গ্রেপ্তারের পর দীপকে প্রথম দফায় চার দিন এবং দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একই মামলায় গ্রেপ্তার এক তরুণী বর্তমানে দ্বিতীয় দফার রিমান্ডে আছেন। জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’।