বক্স অফিসে সাড়া ফেলেছে এলিজাবেথ হোমসের প্রতারণার গল্প
মুক্তির তৃতীয় সপ্তাহেও উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে ব্যবসা সফল ‘ইউ ক্যান সি এভরিথিং’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বক্স অফিসে বড় বাজেটের সিনেমা ‘ক্লেফেস’কে পেছনে ফেলে গত শুক্রবারের আয়ের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে এলিজাবেথ হোমসকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’। মুক্তির তৃতীয় সপ্তাহেও ছবিটির এমন সাফল্য চলচ্চিত্র বিশ্লেষকদের নজর কেড়েছে। উত্তর আমেরিকার ৩ হাজার ২৪৩টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটি ৩৫ লাখ ৬০ হাজার ডলার আয় করেছে। সপ্তাহান্তে এর মোট আয় ১ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ১৬ অক্টোবর মুক্তির পর থেকে উত্তর আমেরিকায় ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার।
বিজ্ঞাপন
কমেডিয়ান নাথান ফিল্ডার ও নির্মাতা ল্যান্স ওপেনহাইমের যৌথ উদ্যোগে তিন বছরের বেশি সময় ধরে তৈরি হয়েছে এই তথ্যচিত্রটি। এতে মার্কিন উদ্যোক্তা এলিজাবেথ হোমসের উত্থান, উচ্চাকাঙ্ক্ষা ও প্রতারণার ঘটনা তুলে ধরা হয়েছে। থেরানোস নামের রক্ত পরীক্ষার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী ছিলেন হোমস। একসময় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেলেও পরে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে তিনি দোষী সাব্যস্ত হয়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছেন। নির্মাতারা জানিয়েছেন, ৯৯তম অস্কারে সেরা তথ্যচিত্রসহ বিভিন্ন বিভাগে ছবিটি জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্স ও ডিসির ‘ক্লেফেস’। উত্তর আমেরিকার ৩ হাজার ৪৭৮টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটি ৩৩ লাখ ডলার আয় করেছে এবং মুক্তির পর থেকে দেশটিতে এর মোট আয় ৩ কোটি ৬৯ লাখ ডলারে দাঁড়িয়েছে। জেমস ওয়াটকিনস পরিচালিত হরর এই সিনেমাটিতে ম্যাট হেগেন নামের এক উঠতি চলচ্চিত্র তারকার ভয়াবহ রূপান্তরের গল্প বলা হয়েছে।
বক্স অফিসে তৃতীয় স্থানে রয়েছে লাইকার স্টপ-মোশন অ্যানিমেশন সিনেমা ‘ওয়াইল্ডউড’। উত্তর আমেরিকার ৩ হাজার ১০০টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটি ২৩ লাখ ৯০ হাজার ডলার আয় করেছে। ট্রাভিস নাইট পরিচালিত প্রায় ১০ কোটি ডলার বাজেটে নির্মিত এই ছবিটির মুক্তির দ্বিতীয় সপ্তাহান্ত শেষে মোট আয় হয়েছে ২ কোটি ৫২ লাখ ডলার।