চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে শ্রমিকদের কর্মবিরতি
গ্র্যাচুইটিসহ আর্থিক সুবিধার দাবিতে নিউমুরিং ও চিটাগাং কনটেইনার টার্মিনালে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকেরা।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) মঙ্গলবার সকাল আটটা থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে প্রথম পালা থেকেই তাঁরা এই কর্মসূচি পালন করছেন। গত অর্থবছরে বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৫৮ শতাংশই এই দুটি টার্মিনাল দিয়ে সম্পন্ন হয়েছিল।
বিজ্ঞাপন
বন্দর সূত্রে জানা যায়, এনসিটি পরিচালনার দায়িত্বে কাগজে-কলমে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড থাকলেও মূল কাজ করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। সিসিটির পরিচালনার দায়িত্বও সাইফ পাওয়ারটেকের হাতে রয়েছে। তবে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলায় ও সিসিটিও বিদেশিদের দেওয়ার খবরে টার্মিনাল দুটির প্রায় এক হাজার নিয়মিত শ্রমিক-কর্মচারীর মধ্যে চাকরি হারানোর শঙ্কা দেখা দিয়েছে।
একজন শ্রমিক জানান, 'এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে কর্মরত শ্রমিকেরা গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রণোদনাসহ নানা আর্থিক সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। আর্থিক সুবিধা না পেয়ে তাঁরা আজ সকাল থেকে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ করে দিয়েছেন।' শ্রমিকদের এই কর্মসূচির ফলে টার্মিনালে থাকা ছয়টি জাহাজের কনটেইনার ওঠানো-নামানো বন্ধ রয়েছে এবং পুরো কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন ও বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি। তবে বন্দরের একজন কর্মকর্তা জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই কাজ পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।