চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে ঢাকা কারাগারে স্থানান্তর
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার সকালে তাঁকে ঢাকায় আনা হয়েছে
নিজস্ব প্রতিবেদক · চট্টগ্রাম
প্রকাশ:
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জানান, চিন্ময় দাসকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সকাল ১০টার দিকে তাঁকে বহনকারী গাড়িটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। স্থানান্তরের কারণ সম্পর্কে তিনি বলেন, বিশেষ কোনো কারণ নেই। বন্দীদের এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা নিয়মিত কাজের অংশ।
২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিন শুনানিকালে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।
তদন্ত কর্মকর্তা ২০২৫ সালের ১ জুলাই চিন্ময় দাসসহ ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে ২৫ আগস্ট আদালত সুকান্ত দত্তসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন এবং বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলছে।
এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়।