মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তির ওপর নির্ভরতা কমাচ্ছে ইউরোপ
প্রতিরক্ষা সার্বভৌমত্ব নিশ্চিত করতে নিজস্ব প্রযুক্তি তৈরির দিকে ঝুঁকছে ইউরোপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইউরোপের প্রতিরক্ষা খাতে মার্কিন প্রযুক্তির ওপর দীর্ঘদিনের নির্ভরশীলতা কমানোর প্রবণতা এখন তীব্র আকার ধারণ করেছে। আমেরিকান সফটওয়্যার জায়ান্ট প্যালান্টির টেকনোলজিসের ম্যাভেন স্মার্ট সিস্টেম বা ইলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট যোগাযোগের ওপর ইউরোপের অতিনির্ভরতা নিয়ে প্রশ্ন উঠেছে। জার্মানির হেলসিংয়ের তৈরি ক্লারিটি প্ল্যাটফর্ম বা ফ্রান্সের আর্কেডিয়া প্রকল্পের মতো নিজস্ব উদ্যোগের উত্থান প্রমাণ করে, ইউরোপ এখন নিজস্ব প্রতিরক্ষা সার্বভৌমত্ব নিশ্চিত করতে মরিয়া।
বিজ্ঞাপন
ওয়াশিংটনের পক্ষ থেকে ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নেওয়ার ক্রমবর্ধমান চাপের মুখে এই পরিবর্তনের সূচনা হয়েছে। প্যালান্টিরের মতো মার্কিন প্রযুক্তির ওপর সামরিক বা গোয়েন্দা কার্যক্রমের মতো অতি সংবেদনশীল ডেটা ছেড়ে দেওয়াকে ইউরোপীয় নীতিনির্ধারকেরা কৌশলগত দুর্বলতা হিসেবে দেখছেন। ইউক্রেন যুদ্ধে স্পেসএক্স বা প্যালান্টিরের প্রযুক্তির ব্যবহার এবং ইউরোপীয় নীতিনির্ধারণে মার্কিন প্রযুক্তির অনুপ্রবেশের ফলে ডেটা নিরাপত্তা ও নিজস্ব সার্বভৌমত্ব রক্ষায় স্থানীয় প্রযুক্তির দিকে ঝুঁকছে ইউরোপীয় দেশগুলো।
তবে এই নিজস্ব বিকল্প গড়ে তোলার পেছনে বড় ধরনের ঝুঁকির মুখোমুখি হতে পারে ইউরোপ। কিছু সরকারি ও সামরিক কর্মকর্তার মতে, প্যালান্টিরের স্কেল ও যুদ্ধক্ষেত্রে প্রমাণিত কার্যকারিতার সঙ্গে পাল্লা দেওয়ার মতো নিখুঁত সমকক্ষ প্রযুক্তি এই মুহূর্তে ইউরোপের হাতে নেই। কম পরিপক্ব স্থানীয় সিস্টেম বেছে নিলে সামরিক সিদ্ধান্ত গ্রহণের গতি বা আন্তকার্যক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে, বিশেষ করে ন্যাটোর মতো যৌথ জোটে লড়াইয়ের সময়।
এই পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বা প্রযুক্তিগত আধিপত্য কিছুটা খর্ব হতে পারে, তবে স্বল্প মেয়াদে তাদের কৌশলগত সুবিধা বজায় থাকছে। ন্যাটো ও পেন্টাগন ইতিমধ্যে প্যালান্টিরের সিস্টেমের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং ইউরোপ নিজস্ব প্রতিরক্ষা শিল্পে অর্থ ঢাললেও মার্কিন প্রতিরক্ষা খাতের প্রযুক্তিগত অগ্রগামী অবস্থানের বিকল্প হতে সময় লাগবে। ট্রান্সআটলান্টিক জোটে প্রতিরক্ষার ক্ষেত্রে আমেরিকার একক ছত্রচ্ছায়ার দিন ফুরিয়ে আসছে এবং ইউরোপ সফলভাবে নিজস্ব এআই-সক্ষম সামরিক প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারলে তা বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তির বাজারে মার্কিন একচেটিয়া আধিপত্য ভেঙে বহুমেরু ব্যবস্থার জন্ম দেবে।