৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের হ্যাকাথন
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মোট ৪ হাজার ৬৫৭ জন নিবন্ধন করেছিলেন
প্রযুক্তি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
দেশের ৯টি শহরে একযোগে দুই দিনব্যাপী হ্যাকাথনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর বাংলাদেশ পর্বের প্রকল্প মূল্যায়ন। আয়োজকদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মোট ৪ হাজার ৬৫৭ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।
বিজ্ঞাপন
প্রতিযোগিতার সমাপনী দিনে শনিবার ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ’ (এআইইউবি) ক্যাম্পাসে ছয় শতাধিক দলের জমা দেওয়া প্রকল্পগুলো মূল্যায়ন করেন শতাধিক বিচারক। অংশগ্রহণকারী দলগুলো তাদের উদ্ভাবিত অ্যাপ্লিকেশন, প্রকল্প এবং ভিডিও উপস্থাপনা অনলাইনে জমা দিয়েছিল। বিচারকরা প্রকল্পগুলোর প্রযুক্তিগত বাস্তবায়ন, উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা ও বাস্তব সমস্যার সমাধানে কার্যকারিতা যাচাই করে নম্বর প্রদান করেছেন।
‘নেক্সট ফ্রন্টিয়ার’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় নাসা ও এর সহযোগী মহাকাশ সংস্থাগুলোর উন্মুক্ত উপাত্ত ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজেছে অংশগ্রহণকারীরা। তাদের প্রকল্পের বিষয়বস্তুর মধ্যে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য বিশ্লেষণ, মহাকাশবিজ্ঞান, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, কুমিল্লা ও বরিশাল—এই নয়টি শহরে একযোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় পর্যায়ের আয়োজনে সমন্বয়কের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মাহদী উজ জামান, অভিজিৎ ভৌমিক, আনিসুল হক ভূঁইয়া, দেলোয়ার আলম, তৌফিক এলাহী প্লাবন, রিফায়েত ইসলাম রিফাত, সানজার আদনান আলম, মো. পারভেজ কাওসার ও আরিফুল হাসান অপু। এবারের আয়োজনে টাইটেল স্পনসর ছিল এআইইউবি। আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী সময়ে বৈশ্বিক বিচারপর্বে অংশ নেবে, যেখানে নাসা ও সহযোগী মহাকাশ সংস্থাগুলোর বিশেষজ্ঞরা চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করবেন।