ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগকে সার্ভার দিল গ্রামীণফোন
গবেষণা ও পাঠদান কার্যক্রম শক্তিশালী করতে গ্রামীণফোনের সঙ্গে চুক্তি সই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিক্ষা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের গবেষণাগারে ব্যবহারের জন্য সার্ভার দিয়েছে গ্রামীণফোন। শিক্ষার্থীদের পাঠদান, একাডেমিক গবেষণা ও কম্পিউটিং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই সার্ভার দেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, তাদের নেটওয়ার্ক আধুনিকায়নের সময় অব্যবহৃত প্রযুক্তিপণ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইইই বিভাগের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর ডিভাইস, নবায়নযোগ্য শক্তি ও রোবোটিকস নিয়ে গবেষণার কাজে এই সার্ভার সহায়তা করবে। জটিল সিমুলেশন পরিচালনা, বিশাল ডেটাসেট বিশ্লেষণ এবং মডেল তৈরির ক্ষেত্রে বাড়তি সার্ভারের প্রয়োজনীয়তা মেটাতে এটি কার্যকর ভূমিকা রাখবে।
সম্প্রতি রাজধানীর জিপি হাউসে এ উপলক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি পার্টনারশিপ চুক্তি সই হয়েছে। চুক্তিতে গ্রামীণফোনের পক্ষে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল আলম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ ও চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনায়েবুর রশিদ, সহযোগী অধ্যাপক আনিকা আজিজ, মো. মিনারুল ইসলাম ও খালেদা আলী অনুষ্ঠানে অংশ নেন।
সৈয়দা তাহিয়া হোসেন বলেন, “শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জ্ঞানকে ব্যবহারিক দক্ষতায় রূপান্তর, এআই ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি অন্বেষণ এবং বাংলাদেশের ডিজিটাল চাহিদার সঙ্গে প্রাসঙ্গিক সমাধান তৈরি করতে সহায়তা করাই এই পার্টনারশিপের লক্ষ্য।”
অধ্যাপক মো. শফিউল আলম বলেন, “প্রকৌশল শিক্ষা ও গবেষণার জন্য কম্পিউটিং রিসোর্সের সহজলভ্যতা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গ্রামীণফোনের এই সহায়তা ইইই বিভাগের গবেষণাগারের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং সিমুলেশন, ডেটা বিশ্লেষণ ও গবেষণা প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান প্রয়োগের আরও বেশি সুযোগ তৈরি করবে।”