ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্তের ভাইকে পিটিয়ে হত্যা
নিহত মেহেদী হাসান স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাই
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · ময়মনসিংহ
প্রকাশ:
ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) হত্যার ঘটনায় গণপিটুনির শিকার হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান (৩১) নামের ওই ব্যক্তি মারা যান। তিনি বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামান নিজের সাত বছর বয়সী মেয়ের সামনে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হন। তিনি মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা ছিলেন। নিহতের চাচাতো ভাই সাদেক হোসেনের অভিযোগ, যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং তাঁর ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে হত্যা করেছেন।
সুরুজ জামান হত্যার প্রতিবাদে রবিবার রাতে স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ সৃষ্টি করেন। পুলিশ জানায়, এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত মেহেদীর বাড়িতে ভাঙচুর চালান এবং গভীর রাতে তাঁকে ধরে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।