সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে নিয়ে সতর্ক ভারত কোচ
২৯ বছর আগে খেলোয়াড় হিসেবে শিরোপা জেতা নওশাদ মুসা এবার কোচ হিসেবে লক্ষ্য স্থির করেছেন
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
আজ রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দীর্ঘ ২৯ বছর আগে খেলোয়াড় হিসেবে সাফ শিরোপা জেতা নওশাদ মুসা এবার কোচ হিসেবে সেই সাফল্যের পুনরাবৃত্তির অপেক্ষায় আছেন। ভারতীয় দলে মূলত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের প্রাধান্য থাকলেও তাদের সামর্থ্য নিয়ে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন কোচ নওশাদ মুসা।
বিজ্ঞাপন
ফাইনাল ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নওশাদ মুসা বলেন, 'আমার মনে হয়, এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়েছি। কিন্তু ফাইনালের পাকিস্তান আর গ্রুপ পর্বের পাকিস্তান এক নয়। তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় দলে যোগ দিয়েছে। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে পাকিস্তান নিজেদের সামর্থ্য দেখিয়েছে। আমাদের চেষ্টা থাকবে শেষ মিনিট পর্যন্ত লড়াই করার। শেষ পর্যন্ত কে জিতবে, কে হারবে, তা এখনই বলা কঠিন।'
খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের স্মৃতির সঙ্গে বর্তমানের তুলনা টেনে তিনি বলেন, 'হ্যাঁ, ২৯ বছর আগে খেলোয়াড় হিসেবে সাফ জিতেছিলাম। সেটি ছিল সাফে ভারতের দ্বিতীয় শিরোপা। এরপর ভারত অনেক ট্রফি জিতেছে। খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের আনন্দ ছিল অসাধারণ। তবে কোচ হিসেবে জিততে পারলে অনুভূতিটা হয়তো আরও বিশেষ হবে। কারণ, তখন পুরো দলের সাফল্যের সঙ্গে নিজের পরিকল্পনা ও পরিশ্রমেরও একটা যোগসূত্র থাকবে। তবে ঠিক কেমন লাগবে, সেটা এখনই বলতে পারছি না। আগে জিতি (হাসি)।'
ভারতীয় দলটিকে দ্বিতীয় সারির দল হিসেবে আখ্যায়িত করার বিষয়ে নওশাদ মুসা বলেন, 'আমি এই দলকে দ্বিতীয় সারির দল হিসেবে দেখি না। এভাবে বললে মনে হতে পারে, অন্যদের তুলনায় আমরা দুর্বল। কিন্তু আমি বলব, এটাই ভারত ফুটবল দল! এই খেলোয়াড়েরাই ভারতের ভবিষ্যৎ। তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ভালো ফুটবল খেলেই কিন্তু ফাইনালে উঠেছে। আমি সব সময় খেলোয়াড়দের বলেছি, বাইরে কে কী বলছে, তা নিয়ে চিন্তা না করে মাঠে নিজেদের প্রমাণ করতে। তাদের ওপর আমার শতভাগ বিশ্বাস আছে।'
তরুণ দল নিয়ে ফাইনালে ওঠার অনুভূতি জানাতে গিয়ে কোচ জানান, এটি দলের জন্য অনেক বড় অর্জন এবং সবাই রোমাঞ্চিত। পাকিস্তান দলে প্রবাসী ফুটবলারদের উপস্থিতি নিয়ে তিনি বলেন, 'পাকিস্তান ভালো দল। তাদের কয়েকজন প্রবাসী ফুটবলার আছে, এটাও ভালো। হয়তো শারীরিক শক্তির দিক থেকে তারা আমাদের খেলোয়াড়দের চেয়ে এগিয়ে থাকতে পারে। তবে ফুটবল শুধু শারীরিক শক্তির খেলা নয়। এখানে কৌশল, বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ারও ব্যাপার আছে। আমার খেলোয়াড়েরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আক্রমণেও ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য তাদের আছে। আমি বিশ্বাস করি, মাঠেই তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে।'
বিজ্ঞাপন
গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে শেষ ৪ মিনিটে ২ গোল হজম করার ঘটনাটি স্মরণ করিয়ে দিলে তিনি সতর্কবার্তা দেন। নওশাদ মুসা বলেন, 'ফুটবলে মনোযোগ ধরে রাখা খুব জরুরি। আমরা পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে ৪ মিনিটে ২ গোল হজম করেছি। এ ধরনের ভুলের মূল্য দিতে হয়। প্রতিটি খেলোয়াড়কে ৯০ মিনিট মনোযোগী থাকতে হবে। প্রতিপক্ষ সব সময় সুযোগের অপেক্ষায় থাকে। আপনি একটু অসতর্ক হলেই তারা সুযোগ নেবে। ফাইনালে এ ধরনের ভুল করার সুযোগ নেই।'
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি পর্যবেক্ষণ করে তিনি বলেন, 'ম্যাচটা আমি দেখেছি। বাংলাদেশ ভালোই খেলছিল। কিন্তু একটা সময় তাদের কিছুটা এলোমেলো মনে হয়েছে। ফুটবলে এমনই হয়। আপনি ম্যাচের নিয়ন্ত্রণে থাকলেও প্রতিপক্ষ সুযোগ খুঁজবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে খেলতে হবে। কখনো ভাবা যাবে না হেরে গেছি। আমাদের খেলোয়াড়দেরও বিষয়টি মাথায় রাখতে বলেছি।'
ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি উত্তেজনা প্রসঙ্গে নওশাদ মুসার ভাষ্য, 'আমার কাছে সব ম্যাচই এক। দুই দেশের ফুটবলের ইতিহাস ও প্রতিদ্বন্দ্বিতা আছে। তবে মাঠে নামার পর আমাদের মনোযোগ থাকবে শুধু ফুটবলে। আবেগ–উত্তেজনা থাকাটা স্বাভাবিক, তবে শেষ পর্যন্ত মাঠের খেলাটাই সব।'