আজ ঢাকায় বসছে জাপানি অ্যানিমে উৎসব ইয়ুকি মাতসুরি
জাপানি অ্যানিমে উৎসব থেকে কনসার্ট ও নাট্যোৎসবে মুখর রাজধানী
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
জাপানি অ্যানিমে ও পপ সংস্কৃতির ভক্তদের জন্য আজ শুক্রবার মোহাম্মদপুরের টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে বসছে ‘ইয়ুকি মাতসুরি ২০২৬’। অ্যানিমেকন ঢাকা আয়োজিত এই উৎসব বেলা ১১টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আয়োজনে কসপ্লে, কারাওকে, জাপানি নাচ, খাবার ও অ্যানিমে মার্চেন্ডাইজের পাশাপাশি ফ্যানআর্ট, কানজি ক্যালিগ্রাফি ও অ্যানিমে কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলমান এই উৎসবে ১২টি নাট্যদল অংশ নিচ্ছে। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাগরিক নাট্যাঙ্গনের নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ প্রদর্শিত হবে।
সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর স্মরণে আজব কারখানা আয়োজন করেছে ‘হেঁটে গেছি বিরান পথে’ শিরোনামের ট্রিবিউট কনসার্ট। সন্ধ্যা সাতটায় বনানীর বাটারনাট জ্যাজ ক্যাফেতে আয়োজিত এই অনুষ্ঠানে সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস গান পরিবেশন করবেন। একই সময়ে বনানীর সাতোরি একাডেমি অব আর্টসে আয়োজিত ‘অ্যাকুস্টিক নাইট’-এ সংগীতশিল্পী শুভ্র গান গাইবেন।
উত্তরায় সন্ধ্যা সাড়ে সাতটায় অ্যালবিয়ন আর্ট গ্যালারিতে ‘নো ফিয়ার টু ফানি’ স্ট্যান্ডআপ কমেডি শো অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকার কামাল আতাতুর্ক পার্কে ২০ ও ২১ নভেম্বর ‘নগর উৎসব’ চলছে। আজ শুক্রবার বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত আয়োজিত এই উৎসবে ব্যান্ড লেভেল ফাইভ, আফটারম্যাথ ও ইগনাইট পারফর্ম করবে এবং আগামীকাল গাইবেন প্রীতম হাসান ও অ্যাভয়েড রাফা।