রাজশাহীর বাঘায় খেজুরের রস ছাড়াই নকল গুড় তৈরির কারখানায় জরিমানা
চিনি, চুন ও রাসায়নিক মিশিয়ে গুড় তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে
রাজশাহী জেলা প্রতিনিধি · বাঘা, রাজশাহী
প্রকাশ:
রাজশাহীর বাঘা উপজেলায় খেজুরের রস ছাড়াই নকল গুড় তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলার পীরগাছা গ্রামে এবং গত বৃহস্পতিবার রুস্তুমপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
রোববার সকাল আটটার দিকে বাঘার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দীন সরকারের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান এই অভিযানের নেতৃত্ব দেন।
স্থানীয়দের অভিযোগ, নাসির উদ্দীন সরকার নিজ বাড়িতে কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে চিনি, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান জানান, কারখানায় খেজুরের গুড় তৈরির নামে চিনি ও বিভিন্ন রাসায়নিক মেশানো হচ্ছিল, অথচ সেখানে খেজুরের রসের কোনো অস্তিত্ব ছিল না। তিনি বলেন, 'অভিযানে তাঁদের কারখানা ধ্বংস করা হয়েছে। জরিমানা করে টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে এবং জব্দ করা গুড়ও ধ্বংস করা হয়েছে।'