আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও বাসে আগুন দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম (৫০), খিলক্ষেত থানা শ্রমিক লীগের সহসভাপতি আতাউর রহমান (৫৫) এবং নরসিংদীর রায়পুরা পৌর যুবলীগের সভাপতি প্রার্থী মেহেদী মোল্লা (৩৫)। পুলিশ জানায়, রফিকুলকে গতকাল বিকেলে, মেহেদীকে গতকাল দিবাগত রাতে এবং আতাউরকে আজ শুক্রবার সকালে আটক করা হয়েছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই তিনজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা-পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।