ছুটির দিনে রাজধানীতে অর্ণবের কনসার্টসহ নানা আয়োজন
আজ গান, সিনেমা ও উৎসবসহ বিভিন্ন আয়োজনে মুখর থাকবে রাজধানী
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
হালকা শীতের আমেজে আজ ছুটির দিনে রাজধানীতে গান, সিনেমাসহ নানা আয়োজন রয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে কনসার্ট, চলচ্চিত্র প্রদর্শনী ও উৎসব।
বিজ্ঞাপন
‘হোক কলরব’ অ্যালবামের দুই দশক পূর্তি উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে বিশেষ কনসার্টের আয়োজন করেছে টুয়েন্টিজ কমিউনিকেশনস। বিকেল পাঁচটায় শুরু হতে যাওয়া এই আয়োজনে অর্ণবের সঙ্গে মঞ্চে থাকবেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক। অর্ণব তাঁর জনপ্রিয় গান ‘হোক কলরব’ ও ‘তোমার জন্য’ পরিবেশন করবেন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার ছায়ানট মিলনায়তনে পাগলা কানাইকে উৎসর্গ করে লোকসংগীতের আয়োজন করেছে ছায়ানট। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এতে পাগলা কানাই, রমেশ শীল, কালু শাহ ফকির, কাঙাল হরিনাথ মজুমদার, রাধাবল্লভ সরকার, মহেশচন্দ্র রায়, মাতাল রাজ্জাক দেওয়ান ও কুটি মনসুরের গান পরিবেশিত হবে।
বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা ও গুলশান সোসাইটির উদ্যোগে গুলশান সোসাইটি লেক পার্কে আজ ও আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ‘নজরুল উৎসব ২০২৬’। দুই দিনই বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অনুষ্ঠেয় এই উৎসবে সংগীতের পাশাপাশি নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন দেশের বিভিন্ন প্রান্তের ৫০ জনের বেশি নবীন শিল্পী ও প্রতিষ্ঠিত শিল্পীরা।
বনানীর বাতিঘর আর্ট স্পেসে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ‘রিভার্ব এক্স মেভারিক: মেঘদল’। এখানে উপস্থিত দর্শকরা মেঘদলের গান শোনার পাশাপাশি ব্যান্ডের সদস্যদের সঙ্গে গান তৈরির গল্প, সংগীতজীবনের অভিজ্ঞতা ও সৃজনশীলতার ভাবনা নিয়ে সরাসরি আড্ডা দেওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসর। তরুণদের অনুপ্রাণিত করতে দেশের সফল ব্যক্তিরা তাঁদের জীবনের গল্প ও অভিজ্ঞতার কথা তুলে ধরবেন এবং এই আয়োজনে গাইবে ব্যান্ড ওয়ারফেজ।
রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বিকেল পাঁচটায় শুরু হবে ‘ওটিলিয়া রিটার্নস : বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। ইমেকার্স বাংলাদেশের আয়োজনে এই কনসার্টে রোমানিয়ার পপ তারকা ওটিলিয়া ব্রুমার সঙ্গে একই মঞ্চে থাকবেন বাংলাদেশের সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় বিকেল সাড়ে পাঁচটায় রয়েছে ফরাসি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও সাউন্ড এক্সপ্লোরার ভিনসেন্ট মুনের বিশেষ প্রদর্শনী। সেখানে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ধারণ করা লোকসংগীত, ধর্মীয় আচার ও ঐতিহ্যবাহী পরিবেশনার দৃশ্য প্রদর্শন করবেন।
ধানমন্ডির রাশিয়ান হাউসে বেলা তিনটা থেকে ‘সিনে টোটেম স্ক্রিন’-এর আওতায় তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—দ্য চেঞ্জেলিং, দাঁড়কাক/র্যাভেন ও গালিকথন: আ টেল অব সোয়ার ওয়ার্ডস দেখানো হবে। এছাড়া বিকেল সাড়ে চারটায় দেলুপি ও সন্ধ্যা ছয়টায় রয়েড চলচ্চিত্র প্রদর্শিত হবে, যেখানে সিনেমার পর নির্মাতাদের সঙ্গে আড্ডার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম বিশ্বসাহিত্য কেন্দ্রে ২৭ থেকে ২৯ নভেম্বর জাহিদুর রহিম অঞ্জন স্মরণে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ বিকেল চারটায় আলোকচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন এবং বিকেল পাঁচটায় স্মরণসভা অনুষ্ঠিত হবে, যেখানে জাহিদুর রহিম অঞ্জনের ১৯৯০ সালে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মর্নিং-এর রিমাস্টার্ড সংস্করণ দেখানো হবে।
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে বেলা সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে বানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড ট্যুর ২০২৬। কেওক্রাডং বাংলাদেশের আয়োজনে এবারের প্রদর্শনীতে কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে।