ঈশ্বরদীতে গুলির পর জামায়াত নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পাবনার সাঁড়া ইউনিয়নে বালুমহাল নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের অভিযোগ
পাবনা জেলা প্রতিনিধি · ঈশ্বরদী, পাবনা
প্রকাশ:
পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার পর জামায়াতে ইসলামীর চারজন নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলা এই সহিংসতায় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
এর আগে গতকাল বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় একদল মুখোশধারী অতর্কিতে গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন, যাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরে এই গুলির ঘটনা ঘটে।
ঘটনার পর রাতে সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, জামায়াতের কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়। সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে স্লোগান দিতে–দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অত্যন্ত চতুরতার সঙ্গে বর্বরোচিত ও ন্যক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে এই লুটপাট চালানো হয়েছে। তবে জাকারিয়া পিন্টুর সমর্থকরা দাবি করেছেন, তাঁরা আওয়ামী লীগবিরোধী মিছিলের প্রস্তুতির সময় কাঁকন বাহিনীর হামলার শিকার হয়েছেন এবং বালু ব্যবসার বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত। জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি ঢাকায় আছি। ঘটনার কিছুই জানি না। অকারণে আমার লোকজনকে দোষারোপ করা হচ্ছে। ঘটনা যত দূর জেনেছি, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয়দের বিরোধ চলছিল। এর জেরেই গুলি ও রাতে কয়েকটি বাড়িতে হামলা হয়েছে। এখানে জামায়াতের কোনো বিষয় নেই। জামায়াতের কারও বাড়িতে হামলা হয়েছে বলেও আমার জানা নেই।’
আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম অভিযোগ করেন, যুবদল ও বিএনপির লোকজন এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। অন্যদিকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান জানান, এটি রাজনৈতিক ঘটনা নয়, বরং বালুমহাল নিয়ে বিরোধের জের মাত্র।
বিজ্ঞাপন
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আজ মঙ্গলবার বেলা ১১টায় জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।