কিবরিয়ার গাছের হাসপাতাল, বিনা মূল্যে চিকিৎসা
চাকরি ছেড়ে নার্সারি গড়ে তুলে বিনা মূল্যে গাছের চিকিৎসাসেবা দিচ্ছেন এই উদ্যোক্তা
গাইবান্ধা জেলা প্রতিনিধি · সাদুল্লাপুর, গাইবান্ধা
প্রকাশ:
গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায় অবস্থিত উদ্যোক্তা গোলাম কিবরিয়ার (৩৭) ‘ফারমার্স মার্কেট অ্যান্ড নার্সারি’ স্থানীয়দের কাছে ‘গাছের হাসপাতাল’ হিসেবে পরিচিত। এই নার্সারি থেকে চারা কেনার পর কোনোটি রোগাক্রান্ত বা দুর্বল হয়ে পড়লে ক্রেতারা তা এখানে নিয়ে আসেন। কিবরিয়া অসুস্থ চারাগুলো নিজের কাছে রেখে সুস্থ না হওয়া পর্যন্ত নিয়মিত কীটনাশক, সার ও পরিচর্যা করেন। চারা সুস্থ হওয়ার পর তিনি মালিককে ফোন করে ফেরত দিয়ে দেন। শুধু ক্রেতারাই নন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রোগাক্রান্ত গাছ নিয়ে আসেন এবং কৃষকেরা ফসল পরিচর্যার পরামর্শ নিতে তাঁর কাছে ভিড় করেন।
বিজ্ঞাপন
কিবরিয়ার নার্সারিতে বর্তমানে প্রায় ৩০ হাজার গাছের চারা রয়েছে, যার মধ্যে ইনডোর প্ল্যান্ট, ফুল, ফল, অর্কিড, ক্যাকটাস, সাকুলেন্ট, বনজ, ঔষধি ও জলজ চারার সংখ্যা বেশি। এখান থেকে তাঁর মাসিক আয় প্রায় ৪০ হাজার টাকা। গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশের এই নার্সারিতে শ্রমিকেরা চারার পরিচর্যায় ব্যস্ত। পাশের একটি ঘরে চলছে আক্রান্ত গাছের চিকিৎসা। কিবরিয়া নিজেই কখনো চারা বিক্রি, আবার কখনো রোগাক্রান্ত গাছের সেবায় ব্যস্ত সময় পার করছেন।
কিবরিয়ার বাড়ি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজি জামালপুর গ্রামে। সাত বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। স্ত্রী তানজিনা আফরিন গৃহিণী এবং তাঁদের দুই মেয়ে রয়েছে। হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও বিপণন ব্যবস্থাপনায় স্নাতকোত্তর শেষ করে ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে তিনি স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন। এরপর একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ছয় বছর চাকরি করেন। তবে নিয়মের গণ্ডিতে বাঁধা চাকরি ও হিসাব কষে সংসার চালানো তাঁর ভালো লাগেনি।
চাকরি ছেড়ে ২০২০ সালে শাপলামিলে মাসিক ৫ হাজার টাকা ভাড়ায় ২০ শতক জমিতে নার্সারি শুরু করেন কিবরিয়া। শুরুতে প্রায় ৩ হাজার চারা থাকলেও বর্তমানে তা ৩০ হাজারে দাঁড়িয়েছে। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা তাঁর কাছে গাছ কিনতে আসেন। কিবরিয়া জানান, তাঁর নার্সারিতে তিনজন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, যাঁরা দৈনিক ৭০০ টাকা হাজিরা হিসেবে কাজ করেন।
কিবরিয়া জানান, জলবায়ু পরিবর্তনের কারণে মাঠের ফসলে রোগবালাই বাড়ছে এবং অর্নামেন্টাল গাছগুলোও সহজে অসুস্থ হয়। তিনি ছত্রাক, ব্যাকটেরিয়াজনিত রোগ ও পোকার আক্রমণে আক্রান্ত গাছের পরিচর্যায় পরামর্শ দেন। নার্সারিতে গড়ে তোলা ছোট কৃষি পাঠাগারে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক বিভিন্ন বই পড়ে তিনি গাছের চিকিৎসা সম্পর্কে ধারণা নেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা হোয়াটসঅ্যাপে গাছের সমস্যার ছবি ও ভিডিও পাঠালে তিনি সমাধান দেওয়ার চেষ্টা করেন।
বিজ্ঞাপন
গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রামের কৃষক শাহজাহান মিয়া (৫৫) বলেন, ‘ধানগাছ ও রবিশস্যে রোগবালাই দেখা দিলে কিবরিয়া ভাইয়ের কাছে আসি। তাঁর পরামর্শে জমিতে কীটনাশক দিই।’ গাইবান্ধা শহরের শাহানা বেগম (৫০) জানান, তাঁর কেনা একটি ফিলোডেনড্রন গাছ মরার উপক্রম হলে কিবরিয়ার সাত দিনের পরিচর্যায় সেটি সুস্থ হয়ে ওঠে। ফুলছড়ি উপজেলার সমিতির বাজার গ্রামের কলেজশিক্ষক সাখাওয়াত হোসেন ও ব্যবসায়ী শাহ আলমও জানান, কিবরিয়ার চিকিৎসার পর তাঁদের রোগাক্রান্ত চারাগুলো সেরে উঠেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান জানান, নার্সারি করে কিবরিয়া স্বাবলম্বী হয়েছেন এবং তাঁকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে ২০২০ সালে নিজ গ্রাম আরাজি জামালপুরে পৈতৃক সাড়ে সাত বিঘা জমিতে কিবরিয়া ফলের বাগানও করেছেন। এর মধ্যে দেড় বিঘা জমিতে জৈব পদ্ধতিতে ড্রাগন চাষে এ বছর প্রায় ৪ লাখ টাকা খরচ করে সাড়ে ৪ লাখ টাকার ফল বিক্রি করেছেন। এছাড়া পাঁচ বিঘা জমিতে মাল্টা ও এক বিঘায় কমলা চাষ করেছেন, যেখানে এ বছর ১ লাখ টাকার মাল্টা বিক্রি হয়েছে। সব মিলিয়ে খরচ বাদে তিন ধরনের ফল থেকে তাঁর মাসিক আয় প্রায় ২৫ হাজার টাকা।
ভবিষ্যতে আরও বড় পরিসরে নার্সারি করার পরিকল্পনা রয়েছে কিবরিয়ার। তিনি বলেন, ‘একজন বেকার যুবক চাকরির জন্য যে সময় ব্যয় করেন, সেই সময়ে একটি উদ্যোগ নিলে চাকরির চেয়ে অনেক বেশি লাভবান হতে পারবেন। আমি তার প্রমাণ।’