ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা সহ ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার শুরু
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারেও বিজিবি মোতায়েন করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা প্রতিরোধে তাঁরা কাজ করছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর এই নজরদারির মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন কর্মকর্তারা।
বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় তাঁরা পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে কাজ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর।