শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, বাড়ি ও দোকান ভাঙচুর
আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের দোহারো গ্রামে দুই ঘণ্টা ধরে চলে এই সংঘাত
ঝিনাইদহ জেলা প্রতিনিধি · শৈলকুপা, ঝিনাইদহ
প্রকাশ:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই সংঘাতের সময় উভয় পক্ষের অন্তত ২৮টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লা এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাবু জোয়ার্দারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার বিকেলে এই বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন বাগ্বিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে ১৫ জন আহত হন এবং আটটি বড় বাড়ি ছাড়াও সব মিলিয়ে ২৮টি বাড়িঘর ও দোকানে ভাঙচুর করা হয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ আল মামুন জানান, সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে সেখানে ১৩ জন চিকিৎসাধীন আছেন। তিনি আরও বলেন, আহতদের কারও অবস্থাই গুরুতর নয়।
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, সকালে এক চায়ের দোকানে দুই যুবকের মারামারিকে কেন্দ্র করে বেলা তিনটার দিকে উজির আলী ও বাবু জোয়ার্দারের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি জানান, উভয় পক্ষের লোকজনই আহত হয়েছেন এবং উভয় পক্ষের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে। তিনি বিষয়টি নিয়ে পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, সামাজিক আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, 'ওই গ্রামে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
বিজ্ঞাপন
সংঘর্ষের বিষয়ে বক্তব্য জানার জন্য বিএনপি নেতা উজির আলী ও যুবদল নেতা বাবু জোয়ার্দারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।