ঝিনাইদহের বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ
রোববার গভীর রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় স্টেশনের কাঠের দরজায় আগুন ধরে যায়
ঝিনাইদহ জেলা প্রতিনিধি · কালীগঞ্জ, ঝিনাইদহ
প্রকাশ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা স্টেশনের বিভিন্ন স্থানে এসব পেট্রলবোমা ছুড়ে মারে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বারোবাজার রেলওয়ে স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা স্টেশনের অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এই ঘটনায় কাঠের দরজায় আগুন ধরে গেলেও স্টেশনের ভেতরে থাকা লোকজন দ্রুত তা নিভিয়ে ফেলেন।
মোবাশ্বের হোসেন আরও বলেন, ঘটনার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে ভেতরে অবস্থানরত কর্মচারী এবং আসবাবপত্রসহ মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানিয়েছেন, তারা ঘটনাটি তদন্ত করছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি নিশ্চিত করেন।