শীতের সন্ধ্যায় জনপ্রিয় হচ্ছে গোল্ডেন মিল্ক
রান্নাঘরের মসলা দিয়ে তৈরি এই পানীয় শীতের মৌসুমে শরীরের অস্বস্তি কমাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
শীতের সকালে বা সন্ধ্যায় হালকা হিমেল আবহাওয়ায় শরীর ও মনে প্রশান্তি আনতে গোল্ডেন মিল্ক বা মসলা মেশানো হলুদ দুধ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। মেডিকেল নিউজ টুডে ও হেলথলাইনের তথ্য অনুযায়ী, সাধারণ চা বা কফির বাইরে এটি এক কাপ উষ্ণ পানীয় হিসেবে দারুণ কার্যকর। রান্নাঘরে থাকা পরিচিত কিছু মসলার সংমিশ্রণে তৈরি এই পানীয়টি শীতের স্বাচ্ছন্দ্য ও স্বাদের দারুণ সমন্বয় ঘটায়।
বিজ্ঞাপন
শীতের শুষ্ক আবহাওয়ায় শরীরে জড়তা, গলা বা জয়েন্টের অস্বস্তি এবং সাধারণ ঠান্ডা লাগার প্রবণতা দেখা দেয়। গোল্ডেন মিল্কে থাকা আদা ও দারুচিনির উষ্ণতা ভেতর থেকে আরাম দেয়, অন্যদিকে হলুদের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া সামান্য গোলমরিচ হলুদের কার্যকারিতা শরীরে শোষণে সহায়তা করে।
এই পানীয় তৈরির জন্য ৪ টেবিল চামচ হলুদ গুঁড়া, ২ চা-চামচ শুকনা আদা গুঁড়া, ২ চা-চামচ দারুচিনি গুঁড়া, ১ চা-চামচ গোলমরিচ গুঁড়া এবং ঐচ্ছিক ১/৮ চা-চামচ জায়ফল ও ১/৮ চা-চামচ লবঙ্গ গুঁড়া মিশিয়ে একটি এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করা যায়। ব্যবহারের সময় ১ চা-চামচ মিশ্রণের সঙ্গে ১-২ চা-চামচ মিষ্টি ও ২ চা-চামচ গরম পানি মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করতে হবে। এরপর ১ কাপ দুধ মিশিয়ে মাঝারি আঁচে হালকা গরম করে নিলেই তৈরি হয়ে যাবে গোল্ডেন মিল্ক।
মসলা মিশ্রণটি ঘরের তাপমাত্রায় বা ফ্রিজে ৩ মাস পর্যন্ত ভালো থাকে। তবে কারও কোনো মসলায় অ্যালার্জি বা অ্যাসিডিটির সমস্যা থাকলে পরিমাণ বুঝে ব্যবহার করা উচিত। গরমের পাশাপাশি ঠান্ডা গোল্ডেন মিল্ক চাইলে বরফ ও ঠান্ডা দুধ ব্যবহার করা যায়, আবার স্যুপ বা সবজিতেও এই মিশ্রণ ব্যবহার করা সম্ভব।