শেরপুরে ১১ কোটি টাকার আধুনিক কসাইখানা পাঁচ মাস ধরে অচল
পরিকল্পনাগত সমন্বয়হীনতা ও ব্যবসায়ীদের অনীহার কারণে ব্যবহার করা যাচ্ছে না স্থাপনাটি
শেরপুর জেলা প্রতিনিধি · শেরপুর
প্রকাশ:
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাংস সরবরাহ ও পরিবেশদূষণ রোধের লক্ষ্যে শেরপুর শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কসাইখানা নির্মাণ করা হয়। আধুনিক সব সুযোগ-সুবিধা সম্পন্ন এই স্থাপনাটি উদ্বোধনের পাঁচ মাস পেরিয়ে গেলেও কার্যত খালি পড়ে আছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
বিজ্ঞাপন
এই অচলাবস্থার পেছনে পরিকল্পনাগত সমন্বয়হীনতা, বাজারের বাস্তবতাকে গুরুত্ব না দেওয়া এবং অংশীজনদের অনীহার বিষয়টি উঠে এসেছে। শেরপুরের ব্যবসায়ীদের অভিযোগ, প্রকল্পটি গ্রহণের আগে তাঁদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাঁদের দাবি, বাজার থেকে কসাইখানাটির দূরত্ব বেশি হওয়ায় পরিবহন ও শ্রমিকের খরচ অনেক বেড়ে যাবে।
ব্যবসায়ীদের এই বাড়তি খরচের যুক্তি থাকলেও, এলাকার বাসিন্দারা ভিন্ন বাস্তবতার কথা বলছেন। তাঁদের মতে, আধুনিক কসাইখানায় পশু জবাইয়ের আগে ভেটেরিনারি সার্জনের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়ায় রোগাক্রান্ত বা অসুস্থ পশু জবাই করার সুযোগ থাকবে না।
প্রশাসনের উচিত ছিল প্রকল্পের শুরুতেই এলাকাবাসী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করা এবং দীর্ঘমেয়াদি প্রচারণা চালানো। তবে শেরপুরের এই চিত্র দেশের উন্নয়ন প্রকল্পগুলোর হতাশাজনক বাস্তবতার একটি অংশ মাত্র। গত ২৭ মে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজধানীর হাজারীবাগ ও কাপ্তানবাজারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১৩৩ কোটি টাকা ব্যয়ে দুটি আধুনিক পশু জবাইখানা নির্মাণ করলেও সাত বছরেও সেখানে কোনো পশু জবাই হয়নি।
যে উদ্দেশ্যে শেরপুরের এই কসাইখানা নির্মিত হয়েছে, তা বাস্তবায়নে প্রশাসনের বহুমাত্রিক উদ্যোগ প্রয়োজন। শহরের যত্রতত্র উন্মুক্ত স্থানে পশু জবাই অব্যাহত থাকলে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। তাই অংশীজনদের সঙ্গে নিয়ে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কসাইখানাটি সচল করা জরুরি।
বিজ্ঞাপন
শেরপুর পৌরসভা কর্তৃপক্ষ ব্যবসায়ীদের জন্য পরিবহনসুবিধা ও প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, যা একটি ইতিবাচক দিক। কেবল কাগুজে কমিটি গঠন বা আইনের ভয় দেখিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। বাস্তবসম্মত ব্যবসা মডেল ও আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলো সমাধান করে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নির্মিত এই আধুনিক কসাইখানা অবিলম্বে সচল করা প্রত্যাশিত।