আট মাস পর নিখোঁজ বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পিবিআই
সিরাজগঞ্জের কাজীপুরের মো. শাহজাহান আলীকে শেরপুর থেকে উদ্ধার করা হয়েছে
শেরপুর জেলা প্রতিনিধি · শেরপুর
প্রকাশ:
প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলী (৭০) নামের এক বৃদ্ধকে খুঁজে পেয়েছে তাঁর পরিবার। শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) শেরপুর জেলা কার্যালয়ের সহায়তায় তাঁকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ হওয়ার পর থেকে তাঁকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
পিবিআই ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান আলীর বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে। আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদ–সংলগ্ন এলাকায় ছেলের ভাড়া বাসা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সন্ধান চাওয়া হয়েছিল।
গত ২৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করেন স্থানীয়রা। এরপর স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর সভাপতি রবিউল ইসলাম তাঁকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে সুস্থ হওয়ার পর তিনি শেরপুর শহরে ভাসমান অবস্থায় দিন কাটাচ্ছিলেন, তবে স্বেচ্ছাসেবীরা তাঁর ওপর নজর রেখেছিলেন।
শুক্রবার সন্ধ্যায় রবিউল ইসলামসহ সংগঠনের সদস্যরা ওই বৃদ্ধকে পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তাঁর বাবার নাম মুনজিল শেখ এবং মায়ের নাম আজিরন খাতুন। পরবর্তীতে পিবিআইয়ের মাধ্যমে খবর পেয়ে শনিবার তাঁর ছেলে মো. জাবেদ আলী ও নাতজামাই মো. সুমন মিয়া শেরপুরে এসে তাঁকে গ্রহণ করেন।
বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত জাবেদ আলী বলেন, ‘বাবাকে না পেয়ে আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ পিবিআইয়ের ফোন পেয়ে আশ্বস্ত হই। বাবাকে ফিরে পেয়ে আমরা খুব খুশি। এ জন্য স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য ও পিবিআইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ।’
বিজ্ঞাপন
আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম জানান, দীর্ঘ প্রচেষ্টার পর পিবিআইয়ের সহযোগিতায় পরিবারের সন্ধান মেলায় তারা আনন্দিত। পিবিআই শেরপুর জেলার পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, প্রযুক্তি ব্যবহার করে ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করার পর স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। নিয়মিত মামলার পাশাপাশি মানবিক কাজেও পিবিআই সহযোগিতা করে থাকে বলে জানান তিনি।