গাইবান্ধায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
গাইবান্ধা জেলা প্রতিনিধি · গাইবান্ধা
প্রকাশ:
১৮ নভেম্বর দুপুরে গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের মিলনায়তনে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। গাইবান্ধা বন্ধুসভার আয়োজনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমটির দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান এবং স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদুর রহমান, দর্শন বিভাগের শিক্ষক এ বি এম জিল্লুর রহমান এবং গাইবান্ধা বন্ধুসভার উপদেষ্টা ও এসকেএস ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম। বক্তারা বলেন, ‘সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রথম আলো দীর্ঘ ২৮ বছর ধরে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছে। শুধু সংবাদ প্রকাশ নয়, সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতেও প্রথম আলো কাজ করছে।’
বক্তারা আরও বলেন, পত্রিকাটি কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও মানুষের পাশে দাঁড়ানোর একটি শক্ত ভিত্তি। এছাড়া তরুণদের সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে বন্ধুসভার কার্যক্রমের প্রশংসা করেন তারা। অনুষ্ঠানে গাইবান্ধা বন্ধুসভার উপদেষ্টা রুমা শাহীন, সাবেক সভাপতি জিসান মাহমুদ, বর্তমান সাধারণ সম্পাদক নেফাউল ইসলাম, প্রচার সম্পাদক খন্দকার রিমি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রাতুল হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক তাওহিদা খন্দকার ও বন্ধু ঈশিতা আক্তার উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বন্ধুসভার সাবেক সভাপতি চুনি ইসলাম, বন্ধু অঙ্কিতা চ্যাটার্জি ও ইরাত জাহান। এছাড়া আবিদা আমিন ও দিয়া সাহা নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের আনন্দ দেয়।