নিরাপত্তার কথা বলে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পরও বৈশাখী টিভির ডিএমডিকে ছাড়েনি পুলিশ
শনিবার বিকেলে রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে হট্টগোলের পর পুলিশ তাকে হেফাজতে নেয়
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়ার আট ঘণ্টা পার হলেও এখনো মুক্তি দেওয়া হয়নি। শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশনটির কার্যালয়ে চাকরি ছাড়ার নির্দেশনাকে কেন্দ্র করে হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একপর্যায়ে বহিরাগতরা টিপু আলমকে তুলে নেওয়ার চেষ্টা করলে বনানী থানা-পুলিশ তাকে ‘নিরাপত্তা দেওয়ার’ কথা বলে হেফাজতে নেয়।
বিজ্ঞাপন
টেলিভিশনটির সাংবাদিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বোর্ড সভা হওয়ার কথা ছিল। সভায় অংশ নিতে আসা সদস্যরা কার্যালয়ে বিশৃঙ্খলা দেখতে পান। বহিরাগতরা দাবি করেন, অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে জিম্মি করে রাখা হয়েছে। তবে নাহিয়ানকে জিজ্ঞাসাবাদে ডিএমডির সঙ্গে চাকরি ছাড়া নিয়ে বিরোধের কথা জানা গেলেও জিম্মি থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে এসে টিপু আলমকে নিয়ে যায়। এর আগে বহিরাগতরা বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি মামলার কথা উল্লেখ করলে টিপু আলম সেই মামলা থেকে অব্যাহতি পাওয়ার প্রমাণ উপস্থাপন করেন।
সূত্র জানায়, টিপু আলমকে প্রথমে গুলশান থানায়, পরে বনানী থানায় এবং সবশেষে ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয়। সেখান থেকে তাকে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুরোধ করা হলেও কোতোয়ালি থানা জানায়, তিনি ওই মামলা থেকে আগেই অব্যাহতি পেয়েছেন। এরপরও রাত ১১টা পর্যন্ত তাকে ক্যান্টনমেন্ট থানায় রাখা হয়। এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট চার থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও রাত ১২টা পর্যন্ত তারা সাড়া দেননি।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, ‘ওই অফিসে অজ্ঞাত বহিরাগত লোকজন গিয়ে বিশৃঙ্খলা করছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে নিরাপত্তার স্বার্থে ডিএমডিকে পুলিশ হেফাজতে নিয়েছি।’
টেলিভিশনের এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, বেলা দুইটার দিকে ডিএমডি টিপু আলম অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে চাকরি ছেড়ে দিতে বলেন। নাহিয়ান তখন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ডেকে আনেন। এরপর তারা ডিএমডিকে তুলে নেওয়ার চেষ্টা করলে হট্টগোল শুরু হয় এবং টেলিভিশনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
এইচ এম নাহিয়ান বলেন, ‘একটি ফটোকার্ড প্রচার করা নিয়ে তাঁর (ডিএমডি) সঙ্গে আমার বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তিনি আমাকে চাকরি ছেড়ে দিতে বলেন। এরপর আমি স্যালারি বুঝিয়ে দিতে বললে তিনি মানবসম্পদ বিভাগে (এইচআর) যেতে বলেন। আমি সেখানে গেলে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন দায়িত্বরত কর্মকর্তা। এরপর ওই কর্মকর্তা ডিএমডির রুম থেকে ফিরে আমাকে বহিরাগতদের বিশৃঙ্খলার কথা জানান। তবে আমি এসব লোকজন জমায়েত করিনি।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ জানান, বৈশাখী টিভির নাহিয়ান ছাত্রদল করত এবং তাকে সাসপেন্ড করার খবরটি স্বেচ্ছাসেবক দলের নেতা মিশু তাকে জানায়। তিনি বলেন, ‘মিশু ওখানে যায় টিপুকে ধরতে, কারণ তার নামে বৈষম্যবিরোধী মামলা আছে। এ সময় হাতাহাতি-ধস্তাধস্তিতে আমাদের বেশ কয়েকজন আহত হয়। এর পরিপ্রেক্ষিতেই গন্ডগোলটা হয়।’
আবুল কালাম আরও বলেন, ‘আমাকে নাহিয়ান ফোন দিয়ে যেতে বলে। ফোন পেয়ে আমি দ্রুত দৌড়ে যাই এবং গিয়ে দেখি বহু ছেলেপেলে জমে গেছে। আমি বুঝি এটা একটি সংবাদমাধ্যমের বিষয়; তাই এখানে কোনো ঝামেলা বা বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। উপস্থিত সবাই খুব উগ্র অবস্থায় ছিল এবং ভাঙচুর করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি দলের ভাবমূর্তি রক্ষায় বৈশাখী টিভির পক্ষ নিয়ে দাঁড়িয়েছিলাম, যেন মিডিয়া অফিসে কোনো গন্ডগোল বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’