এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: ৪-৫টি কারণ চিহ্নিত, অধিকতর তদন্তের সুপারিশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি বুধবার ভোরে প্রতিবেদনটি ঢাকায় পাঠিয়েছে।
কুষ্টিয়া জেলা প্রতিনিধি · দৌলতপুর, কুষ্টিয়া
প্রকাশ:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অধিকতর তদন্তের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। আগুনের সূত্রপাত বা সঠিক কারণ সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারায় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলো অধিকতর তদন্তের জন্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের পর এক দফা সময় বাড়িয়ে আজ বুধবার ভোরে তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। দুপুরের মধ্যে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা রয়েছে। তিনি বলেন, 'তদন্তের কাজ শেষ করে কমিটির সদস্যরা বৈঠকে বসে প্রতিবেদন তৈরি করেছেন। ১৫–২০ পৃষ্ঠার প্রতিবেদন সিলগালা করে একজন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর বেশি কিছু বলা যাবে না। এখন মন্ত্রণালয় কী করবে, তা বলতে পারবেন না।'
তদন্তসংশ্লিষ্ট একাধিক সদস্যের তথ্যমতে, প্রতিবেদনে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে ঘরের ভেতর সিগারেট কিংবা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘরের পুরোনো বৈদ্যুতিক তার থেকে আগুন লাগার আশঙ্কাও প্রতিবেদনে উঠে এসেছে। তদন্তের অংশ হিসেবে বাড়ির বাসিন্দা এবং আশপাশের এলাকার বেশ কয়েকজনের দীর্ঘ বক্তব্য নেওয়া হয়েছে এবং সেগুলো প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানান, প্রতিবেদনে পেট্রলবোমা থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম বলে উল্লেখ করা হয়েছে। গত ১১ নভেম্বর বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা–কর্মীদের আসামি করে দৌলতপুর থানায় মামলা করেছিলেন তিনি।
ঘটনার পর ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিকভাবে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও পরে ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় নেওয়া হয়। মঙ্গলবার ছিল বর্ধিত সময়ের শেষ দিন। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।