ভাঙারির দোকানে মালামাল নামানোর সময় বিস্ফোরণে আহত ২
রেললাইনের পাশে অবস্থিত দোকানে বস্তা নামানোর সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে
কুষ্টিয়া জেলা প্রতিনিধি · কুষ্টিয়া
প্রকাশ:
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় রেললাইনের পাশে অবস্থিত একটি ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ২টা ৪০ মিনিটে রুহুল আমিনের মালিকানাধীন ওই দোকানে মালামাল ভর্তি বস্তা নামানোর পরপরই বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। এতে দোকানমালিক রুহুল আমিন ও মালামাল নিয়ে আসা সুমন আহত হন।
বিজ্ঞাপন
আহত রুহুল আমিন পৌরসভার পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং সুমন কোর্টপাড়া এলাকার আবদুল জব্বারের ছেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান জানান, বেলা সোয়া তিনটার দিকে আহত দুজন জরুরি বিভাগে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, যেখানে সুমনের বাঁ পায়ে এবং রুহুলের ডান পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন বিভিন্ন এলাকা থেকে কুড়িয়ে আনা ভাঙারি মালামাল রিকশায় করে রুহুলের দোকানে নিয়ে যান। দোকানের সামনে বস্তাটি নামানোর সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। ব্যবসায়ী রুহুল আমিন দাবি করেন, বস্তার ভেতরে কী ছিল তা তিনি জানতেন না।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে আহতদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দোকানের সামনে ধোঁয়া এবং আহতদের একজনকে রেললাইনের পাশে বসে থাকতে দেখা গেছে।